ঢাকা, রোববার, ০৫ জুলাই ২০২৬

২০ আষাঢ় ১৪৩৩

পুশইনের জন্য ট্রেনে করে ৫০ জনকে পশ্চিমবঙ্গে পাঠাল তামিলনাড়ু

আন্তর্জাতিক ডেক্স :

প্রকাশ: ২২:৫৮, ৪ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৫৮, ৪ জুলাই ২০২৬

পুশইনের জন্য ট্রেনে করে ৫০ জনকে পশ্চিমবঙ্গে পাঠাল তামিলনাড়ু

ভারতের তামিলনাড়ু থেকে ৫০ জন বিদেশি নাগরিককে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। তাদের বাংলাদেশ সীমান্ত দিয়ে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রেনে করে পশ্চিমবঙ্গে নেওয়া হচ্ছে। শনিবার (৪ জুলাই) ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। তারা এতদিন তামিলনাড়ুর সালেম জেলার আত্তুর তালুক অফিস চত্বরে অবস্থিত বিশেষ ডিটেনশন ক্যাম্পে ছিলেন। আনুষ্ঠানিক বহিষ্কারাদেশ জারির পর গত বৃহস্পতিবার (৩ জুলাই) কড়া নিরাপত্তার মধ্যে তিনটি ভ্যানে করে তাদের সড়কপথে তিরুচিরাপল্লীতে নেওয়া হয়।

সেখান থেকে তাদের হাওড়া এক্সপ্রেসের একটি নির্ধারিত কোচে তোলা হয়। পুরো যাত্রাপথে সালেম আর্মড রিজার্ভ পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট শক্তিভেলের নেতৃত্বে ৪০ সদস্যের একটি সশস্ত্র পুলিশ দল তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করছে।পুলিশ কর্মকর্তারা জানান, পশ্চিমবঙ্গে পৌঁছানোর পর তামিলনাড়ু পুলিশ ওই ব্যক্তিদের হরিদাসপুর স্থল সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করবে। এরপর বিএসএফ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে তাঁদের হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবে।অনথিভুক্ত বা অবৈধ অভিবাসীদের রাখার জন্য আত্তুরের বিশেষ ডিটেনশন ক্যাম্পটি ব্যবহার করা হচ্ছে। বর্তমানে সেখানে ১৩০ জনের বেশি বিদেশি নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া এখনো শেষ হয়নি অথবা তারা জামিনে রয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন