শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১০:০৬, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১০:০৭, ২৪ জুন ২০২৬
খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে পরিচালিত বিশেষ তল্লাশি অভিযানে ৭৬ বোতল কোডিনযুক্ত এসকাফ ও উইংস সিরাপসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (২৪ জুন) রাত ১২টা ২০ মিনিটের দিকে মুলাডুলি রেলওয়ে স্টেশন অতিক্রমকালে ট্রেনটির ‘গ’ বগিতে নিয়মিত নিরাপত্তামূলক তল্লাশি চালান ঈশ্বরদী রেলওয়ে থানার এএসআই (নিঃ) মো. আবু সাঈদ শুভ সঙ্গীয় ফোর্সসহ। এ সময় সন্দেহজনক আচরণের কারণে মোছাঃ নাজমা খাতুন (৪৫) নামে এক নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে স্টেশন মাস্টার অফিসের সামনে উপস্থিত সাক্ষীদের সম্মুখে নারী কনস্টেবল সিলভিয়া বেসরার সহায়তায় তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার ভ্যানিটি ব্যাগ থেকে ৩২ বোতল এবং বিশেষ কৌশলে বোরখার নিচে শরীরের সঙ্গে পেঁচিয়ে রাখা কাপড়ে সেলাই করা পকেট থেকে আরও ৪৪ বোতল কোডিনযুক্ত এসকাফ ও উইংস সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোট ৭৬ বোতল মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত নাজমা খাতুনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ছোট দুধপাতিলা এলাকায়। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় **মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায়** মামলা দায়ের করা হয়েছে।
পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।