শিরোনাম
মোঃ মোতাহার হোসেন সরকার (স্টাফ রিপোর্টার)
প্রকাশ: ২৩:৩৪, ৬ আগস্ট ২০২৬
রংপুরের পীরগাছায় ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান বিটুল মিঞা (৩৯) মারা গেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে পীরগাছা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
শোকবার্তায় রেলসচিব বলেন, বিটুল মিঞা কর্মজীবনে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মস্থলে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর অকাল মৃত্যুতে বাংলাদেশ রেলওয়ে একজন নিবেদিত কর্মীকে হারিয়েছে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নিহত বিটুল মিঞা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের আহমদ আলীর ছেলে। তিনি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনের ৭ নম্বর গ্যাংয়ে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, পঞ্চগড় থেকে সান্তাহারের উদ্দেশে ছেড়ে আসা ৭৬৮ নম্বর দোলনচাঁপা এক্সপ্রেস পীরগাছা স্টেশনে বিরতি শেষে সান্তাহারের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করার সময় বিটুল মিঞা দুর্ঘটনার শিকার হন।