শিরোনাম
প্রকাশ: ১০:০৩, ৬ আগস্ট ২০২৬
দেশের অন্যতম বৃহত্তম রেলওয়ে জংশন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াকে ঘিরে সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে ১৫টি দাবি উত্থাপন করা হয়েছে। ঐক্যবদ্ধ আখাউড়া নামে একটি সংগঠনের পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।
মঙ্গলবার (৪ অগাস্ট) বিকেলে রেলপথ মন্ত্রণালয়ে গিয়ে ঐক্যবদ্ধ আখাউড়ার নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং ১৫টি দাবি সংবলিত একটি আবেদন তুলে দেন। এ সময় প্রতিমন্ত্রী এসব দাবি বাস্তবায়নের নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন। পাশাপাশি রেলওয়ে স্টেশনের উন্নয়নে তাদের কর্মকান্ডের প্রশংসা করেন।
ঐক্যবদ্ধ আখাউড়ার আহবায়ক আমজাদ ভূঁইয়ার আবেদনে ভৈরব-ঢাকা পথের নরসিংদী কমিউটার আখাউড়া পর্যন্ত বর্ধিত করার দাবি জানানো হয়। এছাড়া স্টেশনে সমতল সিঁড়ি দেওয়া, সাধারণ সিঁড়ির টাইলস পরিবর্তন, বিশুদ্ধ পানি সুব্যবস্থা, নিরাপত্তা জোরদার, ট্রেনের টাইম ডিসপ্লে, পরিচ্ছন্ন স্টেশন রাখার বিষয়টি উল্লেখ করা হয়।
আমজাদ ভূঁইয়া জানান, তারা দীর্ঘদিন ধরেই রেলওয়ে স্টেশনের উন্নয়ন নিয়ে কাজ করছেন। প্রতিমন্ত্রীর কাছে যেসব দাবি তারা করেছেন সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে তিনি আশ্বাস দিয়েছেন। শিগগিরই এর সুফল পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ঐক্যবদ্ধ আখাউড়ার আহবায়ক।