ঢাকা, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

২১ শ্রাবণ ১৪৩৩

ইঞ্জিনসংকটে সোয়া ৯টার ‘বিজয় এক্সপ্রেস’ ছাড়ল দুপুর ১২টায়, চটগ্রাম স্টেশনে যাত্রীদের বিক্ষোভ

প্রকাশ: ১৯:১৩, ৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৪১, ৫ আগস্ট ২০২৬

ইঞ্জিনসংকটে সোয়া ৯টার ‘বিজয় এক্সপ্রেস’ ছাড়ল দুপুর ১২টায়, চটগ্রাম স্টেশনে যাত্রীদের বিক্ষোভ

সকাল সোয়া ৯টায় ট্রেন ছাড়ার কথা। নির্ধারিত সময় পেরিয়ে যায়। এক ঘণ্টা, দুই ঘণ্টা—তবু প্ল্যাটফর্মে আসেনি ট্রেনের ইঞ্জিন। দীর্ঘ অপেক্ষায় একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। তাঁরা চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশন ম্যানেজারের কক্ষের সামনে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

আজ বুধবার সকালে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের যাত্রীরা এই প্রতিবাদ করেন। প্রায় পৌনে তিন ঘণ্টা দেরিতে দুপুর ১২টার দিকে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার প্রথম আলোকে বলেন, ইঞ্জিন সংকটের কারণে বিজয় এক্সপ্রেস ছাড়তে দেরি হয়েছে। ট্রেন ছাড়তে দেরি হওয়ায় যাত্রীরা স্টেশন ম্যানেজারের কক্ষের সামনে এসে প্রতিবাদ জানান। কেউ কেউ চিৎকার-চেঁচামেচিও করেন। পরে তাঁদের পরিস্থিতি সম্পর্কে জানানো হলে তাঁরা শান্ত হন। ইঞ্জিন পাওয়ার পর দুপুর ১২টায় ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।

যাত্রীরা অভিযোগ করেন, বিজয় এক্সপ্রেসের নির্ধারিত সময়ে না ছাড়ার ঘটনা নতুন নয়। প্রায়ই ট্রেনটি এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত দেরিতে ছাড়ে। চট্টগ্রাম থেকে দেরিতে ছাড়ার প্রভাব পড়ে জামালপুর থেকেও ট্রেনটির পরবর্তী যাত্রায়। কারণ, জামালপুর পৌঁছানোর পর একই ট্রেন আবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।

যাত্রীদের ভাষ্য, ট্রেন ছাড়তে দেরি হওয়ায় তাঁদের গুরুত্বপূর্ণ কর্মঘণ্টা নষ্ট হয়। গন্তব্যে পৌঁছাতেও বাড়তি সময় লাগে। অনেক সময় জরুরি কাজও সময়মতো করা সম্ভব হয় না।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন