শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১২:১১, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:১২, ২৬ সেপ্টেম্বর ২০২৬
নীলফামারীর ডোমারের মির্জাগঞ্জ রেলস্টেশনে সব লোকাল মেল ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা।
শনিবার সকাল সাড়ে ৬টায় ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ রেলস্টেশনের সামনে রেললাইনে এ মানববন্ধন ও অবরোধ করা হয় বলে জানান ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার রুবেল ইসলাম বাবু।
ফলে তিন ঘন্টা ধরে নীলফামারীর চিলাহাটি থেকে খুলনামুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেইনটি চিলাহাটিতে এবং খুলনা থেকে চিলাহাটিগামী রুপসা ট্রেনটি ডোমারেই থামিয়ে রাখা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া রহমত আলী বলেন, “আমরা এই এলাকার মানুষ ছাড়াও আশপাশের পাঁচ ছয়টি ইউনিয়নের সাধারণ যাত্রীরা মির্জাগঞ্জ স্টেশন ব্যবহার করে যাতায়াত করি। অনেক ব্যবসায়ীও এখান থেকে দূরদূরান্তে মালামাল নিয়ে যান। তাই আমাদের প্রধান দাবি, ১ নম্বর লাইনে ট্রেন থামাতে হবে।
তিনি বলেন, “বর্তমানে যে রকেট মেইল ট্রেনটি থামে, সেটি ২ নম্বর লাইনে দাঁড়ায় মাত্র ২ মিনিটের জন্য। ফলে প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে ঝুলে ঝুলে ট্রেনে উঠতে গিয়ে নারীসহ সব যাত্রীকে চরম ভোগান্তি পোহাতে হয়।”
স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বলেন, “আমরা আমাদের বাবা-চাচাদের কাছে শুনেছি, একসময় এ স্টেশনে তিন-চারটি ট্রেন থামত। সকালে একটি ও বিকালে একটি ট্রেন থামত। আমরা এখনো সেই সুবিধা ফিরে পাওয়ার দাবি জানাই। ঢাকাগামী চিলাহাটি, নীলসাগর, রাজশাহীগামী তিতুমীর, বরেন্দ্র, খুলনাগামী রূপসা, সীমান্ত ও রকেট মেইল ট্রেনকে ১ নম্বর প্ল্যাটফর্মে থামাতে হবে।”
বিক্ষোভকারীরা আরও বলেন, নীলফামারী জেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ রেলস্টেশন মির্জাগঞ্জ। অথচ এখানে ঢাকা, রাজশাহী ও খুলনাগামী আন্তনগর ট্রেন ও লোকাল মেল ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। তাদের ট্রেনে কোথাও যেতে হলে ১০ কিলোমিটার দূরে ডোমার রেলস্টেশন বা ১১ কিলোমিটার দূরে চিলাহাটি রেলস্টেশনে গিয়ে ট্রেন ধরতে হয়। ফলে নারী, শিশু, বয়স্ক ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বক্তারা মির্জাগঞ্জ রেলস্টেশনে পর্যাপ্ত ট্রেনের যাত্রাবিরতি, প্ল্যাটফর্ম উন্নতিকরণ ১ নম্বর লাইনে ট্রেন থামানোসহ বিভিন্ন দাবি যদি ৭২ ঘণ্টার মধ্যে পূরণ না হয় তাহলে আরো কঠোর আন্দোলন করার হুশিয়ারি দেন।
এ বিষয়ে ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার রুবেল ইসলাম বাবু বলেন, “মানববন্ধনের কারণে প্রায় তিন ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রুপসা ট্রেনটি সকাল সাড়ে ৬টা থেকে ডোমার স্টেশনে দাঁড়িয়ে আছে। অপরদিকে খুলনাগামী রকেট মেইল ট্রেইনটি চিলাহাটিতে অবস্থান করছে।”
তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। কথা বলে ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করা হবে।