শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পরপর দুই দিন চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথরের টুকরা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ইতোমধ্যে দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন। পাশাপাশি স্টেশন সংলগ্ন দোকানপাটের মালামালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়টি সরেজমিনে দেখতে রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যান উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, প্রক্টরসহ প্রশাসনের সংশ্লিষ্ট সদস্যরা।
এ সময় স্টেশন বাজার এলাকায় অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টরিয়াল বডিকে প্রয়োজনীয় নির্দেশনা দেন উপাচার্য।
এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে রাবি স্টেশন অতিক্রম করার সময় চলন্ত ট্রেন থেকে ইট-পাথরের টুকরা ছোড়ার ঘটনা ঘটছে। এতে একজন শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি স্টেশন সংলগ্ন দোকানপাটের মালামালের ক্ষতি হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করছে। ঘটনার পুনরাবৃত্তি রোধে রেলওয়ে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
চলন্ত ট্রেন থেকে ইট-পাথর নিক্ষেপের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ঘটনাগুলো দুরভিসন্ধিমূলকও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রাবি কর্তৃপক্ষ। একই সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পরিস্থিতির সৃষ্টি হলে তা ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানানো হয়েছে।
জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।