শিরোনাম
মোঃ মোতাহার হোসেন সরকার (স্টাফ রিপোর্টার)
প্রকাশ: ১৪:১১, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬
নাটকের শুটিং সংশ্লিষ্ট ব্যক্তিরা গত কয়েক দিন আগে পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর কাঞ্চন কমিউটার ট্রেনের ‘খ’ কোচের ১০৪টি আসন ২৪ সেপ্টেম্বরের জন্য ১৬ হাজার টাকার বিনিময়ে বুকিং করেন।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ট্রেনটি পার্বতীপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হলে ওই কোচের টিকিট অনলাইনে বিক্রি না হলেও কয়েকটি স্টেশন থেকে হাতে লিখে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হয়।
ট্রেনটি সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছালে আগে থেকে কোচটি বুকিং করে রাখা নাটকের শুটিং সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই কোচে থাকা যাত্রীদের নামিয়ে দেন। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের সঙ্গে রেল নিউজ ২৪-এর কথা হলে তিনি জানান, নাটকের শুটিংয়ের জন্য কোচটি বুকিং করা হয়েছে। তবে এ বিষয়ে লালমনিরহাট কন্ট্রোল থেকে তাদের আগে কোনো তথ্য দেওয়া হয়নি।
পরে পার্বতীপুর রেলওয়ে জংশনের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারেন, কোচটি নাটকের শুটিংয়ের জন্য বুকিং করা হয়েছে।
এদিকে, আরও কয়েকটি স্টেশনের স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কাছেও কন্ট্রোল থেকে আগে কোনো তথ্য জানানো হয়নি। ফলে কোচটি শুটিংয়ের জন্য বুকিং করা হলেও বিভিন্ন স্টেশন থেকে হাতে লিখে ওই কোচের টিকিট বিক্রি করা হয়।
পরবর্তীতে বিভাগীয় লালমনিরহাট কন্ট্রোলার নিত্য রায়ের সঙ্গে রেল নিউজ ২৪-এর মুঠোফোনে কথা হলে তিনি জানান, ২৪ সেপ্টেম্বর নাটকের শুটিংয়ের জন্য কাঞ্চন কমিউটার ট্রেনের ‘খ’ কোচটি বুকিং করা হয়েছে।
তবে কেন আগে থেকে সব স্টেশনে বিষয়টি জানানো হয়নি—এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো জবাব দিতে পারেননি।
নিত্য রায় আরও জানান, লোকাল ট্রেনের টিকিটে আসন নির্ধারিত থাকে না। যাত্রীরা যেকোনো কোচে উঠতে পারেন।
তবে খোঁজ নিয়ে জানা যায়, কাঞ্চন কমিউটার ট্রেনটির আসন বরাদ্দ রয়েছে। অন্যান্য আন্তঃনগর ট্রেনের মতো অনলাইন ও স্টেশন কাউন্টার থেকে আসনসহ টিকিট সংগ্রহ করা যায়। যেসব স্টেশনে কম্পিউটার ব্যবস্থা নেই, সেসব স্টেশন থেকে হাতে লিখেও আসন বরাদ্দ দিয়ে টিকিট বিক্রি করা হয়।
এ ঘটনায় শুটিংয়ের জন্য কোচটি বুকিং করা হলেও সংশ্লিষ্ট স্টেশনগুলোকে আগে থেকে অবহিত না করায় বিভিন্ন স্টেশন থেকে হাতে লিখে ওই কোচের টিকিট বিক্রি করা হয়। পরে বুকিং করা কোচে থাকা যাত্রীদের নামিয়ে দেওয়ায় তাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।