শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চলমান অভিযানে ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণের দায়ে আটজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় আরএনবি চট্টগ্রাম জেনারেল চৌকির চলমান অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।
আরএনবি সূত্রে জানা গেছে, চাঁদপুর থেকে চট্টগ্রামে আসা ৭৩০ ডাউন মেঘনা এক্সপ্রেস এবং ঢাকা থেকে চট্টগ্রামে আসা ২ ডাউন ঢাকা মেইল ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণের সময় ওই আটজনকে ধরা হয়।
আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ট্রেনের ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ ভ্রমণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।