শিরোনাম
মোঃ মোতাহার হোসেন সরকার, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০০:২২, ৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:২২, ৪ অক্টোবর ২০২৬
আজ শনিবার (০৩ অক্টোবর ২০২৬) দিনাজপুর রেলওয়ে স্টেশনে ভ্রমণরত যাত্রীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হয়েছে।
প্রচারণাকালে দিনাজপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট, টিসি (টিকিট চেকার)সহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় যাত্রীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয়, স্টেশনের আশপাশ পরিষ্কার রাখা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতন করা হ
প্রচারাভিযানে জানানো হয়, ডেঙ্গু মূলত এডিস মশার মাধ্যমে ছড়ানো একটি ভাইরাসজনিত রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ভাইরাস শরীরে প্রবেশ করে এবং সংক্রমণের পর সাধারণত ৩ থেকে ১৫ দিনের মধ্যে এর লক্ষণ প্রকাশ পেতে পারে। সাধারণ চিকিৎসায় অনেক ক্ষেত্রে ডেঙ্গু থেকে সুস্থ হওয়া সম্ভব হলেও গুরুতর বা হেমোরেজিক ডেঙ্গু জটিল ও প্রাণঘাতী হতে পারে।
ডেঙ্গুর অন্যতম লক্ষণের মধ্যে রয়েছে তীব্র জ্বর, চোখের পেছনে ব্যথা, প্রচণ্ড মাথাব্যথা, বমি ভাব, জয়েন্ট ও মাংসপেশিতে ব্যথা, ত্বকে র্যাশ বা ফুসকুড়ি, পেটে ব্যথা ও ডায়রিয়া। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সন্দেহ হলে জ্বরের ১২ দিনের মধ্যে NS1 অ্যান্টিজেন পরীক্ষা করার এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সচেতন করা হয়।
ডেঙ্গু হলে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, প্রচুর পানি ও তরল খাবার গ্রহণ, মশারি ব্যবহার এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রচারণায় আরও বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। যেকোনো পাত্র বা স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারকেলের ময়লা, বিভিন্ন কনটেইনার, মটকা ও ব্যাটারির শেলসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেসব স্থান পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়।
এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট বিভাগের পক্ষ থেকে পরিচালিত এ কর্মসূচি সফল করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।