ঢাকা, রোববার, ০৪ অক্টোবর ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

অবশেষে ১ ঘণ্টা ৫০ মিনিট পর ছাড়ল উদয়ন, ভুল বার্তার খেসারত যাত্রীদের

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ০১:১৭, ৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:১৮, ৪ অক্টোবর ২০২৬

অবশেষে ১ ঘণ্টা ৫০ মিনিট পর ছাড়ল উদয়ন, ভুল বার্তার খেসারত যাত্রীদের

‎ভুল এসএমএসের কারণে আটকা পড়া যাত্রীদের জন্য দীর্ঘ ১ ঘণ্টা ৫০ মিনিট কুলাউড়া জংশনে অপেক্ষার পর অবশেষে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেল উদয়ন এক্সপ্রেস।
‎
‎গতকাল রাতে রেলওয়ের পাঠানো মেসেজে বলা হয়েছিল, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেস (৭২৪) রাত ১০টার পরিবর্তে রাত ১১টায় ছাড়বে। কিন্তু ট্রেনটি নির্ধারিত সময় রাত ১০টায়ই সিলেট ছেড়ে যায়। এতে শতাধিক যাত্রী সিলেট স্টেশনে আটকা পড়েন।
‎
‎পরে রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আটকা পড়া যাত্রীদের ঢাকাগামী উপবন এক্সপ্রেস (৭৪০) যোগে কুলাউড়ায় আনা হয়।
‎
‎কুলাউড়া স্টেশন সূত্র জানায়, চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেস রাত ১১টা ১৪ মিনিটে কুলাউড়া স্টেশনে প্রবেশ করে অপেক্ষমান যাত্রীদের জন্য অবস্থান করে। দীর্ঘ ১ ঘণ্টা ৫০ মিনিট বিরতির পর সিলেট থেকে উপবন এক্সপ্রেসে আসা উদয়ন এক্সপ্রেসের অপেক্ষমান যাত্রীরা কুলাউড়া স্টেশনে প্রবেশ করার পর রাত ১টা ৪ মিনিটে ট্রেনটি কুলাউড়া স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
‎
‎এ ঘটনায় রেলের দায়িত্বহীনতায় গভীর রাতে নারী ও শিশুসহ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ভুক্তভোগী যাত্রীরা রেলের এসএমএস সিস্টেমের অব্যবস্থাপনার তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন