শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ০০:৪০, ৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:৪০, ৪ অক্টোবর ২০২৬
খুলনায় রেলওয়ে ইয়ার্ডে লাইনচ্যুত হয়েছে রূপসা এক্সপ্রেসের দুটি বগি। শনিবার(৩ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটে ট্রেনটি ওয়াশপিটে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
এতে বগি দুটির ১২টি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় সীমান্ত এক্সপ্রেসের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।
অন্যদিকে, ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেসের যাত্রা দেড় ঘণ্টা বিলম্বিত হওয়ার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, যাত্রা শেষে রূপসা এক্সপ্রেসের খালি ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়াশপিটে নেওয়া হচ্ছিল।
এ সময় ইয়ার্ডের মধ্যে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে বগি দুটির ১২টি চাকা রেললাইন থেকে ছিটকে পড়ে।
ট্রেনটি খালি থাকায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার কারণে খুলনা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা সীমান্ত এক্সপ্রেসের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কখন ট্রেনটি ছেড়ে যাবে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। এ ছাড়া ঢাকাগামী ২৫ আপ নকশীকাঁথা এক্সপ্রেসের যাত্রাও দেড় ঘণ্টা বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
খুলনা স্টেশন মাস্টার মোহাম্মদ জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পর রেল যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে। তবে সীমান্ত এক্সপ্রেসের ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে।