শিরোনাম
প্রকাশ: ১১:২২, ৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:২৩, ৮ আগস্ট ২০২৬
রংপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ৪৬১ নম্বর সাধারণ যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ৪৬১ নম্বর সাধারণ যাত্রীবাহী ট্রেনটি রংপুর স্টেশনে প্রবেশের সময় ২৫জি রেলগেট অতিক্রম করে ২ ও ৩ নম্বর লাইনে ওঠার সময় হঠাৎ ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।
লাইনচ্যুত হওয়ার কারণে ট্রেনটি পুরোপুরি রেলগেট অতিক্রম করতে পারেনি। ফলে কয়েকটি কোচ রেলগেটের ওপর অবস্থান করায় ২৫জি রেলগেটটি বর্তমানে বন্ধ রয়েছে। এতে রেলগেট দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে দুর্ঘটনার পর রংপুর স্টেশনের ২ ও ৩ নম্বর লাইন সম্পূর্ণভাবে ব্লক হয়ে গেছে। লাইনচ্যুত ট্রেন উদ্ধারে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ কাজ শুরু করেছে।
ট্রেনটি লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো যাত্রী বা রেলওয়ে কর্মী হতাহত হননি।