ঢাকা, রোববার, ০৯ আগস্ট ২০২৬

২৪ শ্রাবণ ১৪৩৩

চাষাঢ়া পর্যন্ত মেট্রোরেল প্রকল্পে অগ্রগতি, পর্যালোচনা শুরু

প্রকাশ: ১৫:১৪, ৮ আগস্ট ২০২৬

চাষাঢ়া পর্যন্ত মেট্রোরেল প্রকল্পে অগ্রগতি, পর্যালোচনা শুরু

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া পর্যন্ত মেট্রোরেল (এমআরটি) সম্প্রসারণের দাবিতে নতুন অগ্রগতি হয়েছে। নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর পাঠানো আধা-সরকারি (ডিও) পত্রের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে পাঠিয়েছে।

জানা গেছে, গত ৩০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এর আগে, গত ২২ জুলাই সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক ডিও পত্রে এমআরটি (মেট্রোরেল) প্রকল্প নারায়ণগঞ্জের চাষাঢ়া পর্যন্ত সম্প্রসারণের দাবি জানান। তিনি উল্লেখ করেন, দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে যাতায়াত করেন। ফলে দীর্ঘদিন ধরে যানজট ও যাত্রীভোগান্তি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

ডিও পত্রে আরও বলা হয়, মেট্রোরেল চাষাঢ়া পর্যন্ত সম্প্রসারণ করা হলে রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে যানজট কমবে, যাতায়াতে সময় সাশ্রয় হবে এবং শিল্প, বাণিজ্য, পর্যটন ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো চিঠির অনুলিপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি বর্তমানে সরকারি পর্যায়ে পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে আধুনিক, দ্রুতগতির ও টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

তবে উল্লেখ্য, চাষাঢ়া পর্যন্ত মেট্রোরেল প্রকল্প এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদিত বা ঘোষণা করা হয়নি। বর্তমানে এটি সরকারি পর্যায়ে পর্যালোচনা ও প্রয়োজনীয় প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন