ঢাকা, রোববার, ০৯ আগস্ট ২০২৬

২৪ শ্রাবণ ১৪৩৩

জনপ্রতিনিধি মানে জনগণের সেবক হওয়া: রেল প্রতিমন্ত্রী হাবিব

প্রকাশ: ১৮:৫৭, ৮ আগস্ট ২০২৬

জনপ্রতিনিধি মানে জনগণের সেবক হওয়া: রেল প্রতিমন্ত্রী হাবিব

জনপ্রতিনিধি মানে ক্ষমতা নয়,জনগণের সেবক হওয়া বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবক হয়ে তাঁদের কাজ এগিয়ে নিবে বলেও জানান তিনি।

শনিবার রাজধানীর দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন হাবিবুর রশিদ হাবিব। একই সঙ্গে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাঁদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার গণতান্ত্রিক হয়েছে, মানুষ ভোটাধিকার ও কথা বলার অধিকার পেয়েছে। প্রায় ৩০ হাজার জুলাই যোদ্ধা, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা এবার পুরস্কার পায়নি, তাদের হতাশ হওয়ার কারণ নেই। পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে সাফল্য আসবে। 

তিনি বলেন, একটি উন্নত বাংলাদেশের ভিত্তি তৈরি হয় আজকের শিক্ষার্থীদের হাত ধরেই। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

প্রতিষ্ঠানের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এ পর্যন্ত মোট ১ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ১ কোটি ৮০ লাখ টাকা প্রাথমিক পর্যায়ে ১০ তলা ভবন নির্মাণে এবং ৫ লাখ টাকা অন্যান্য ভবনের উন্নয়ন ও মেরামত কাজে ব্যবহৃত হবে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি গণতান্ত্রিক মানসিকতায় থাকি, আমরা যদি সকলেই মিলে মনে করি—এ দেশ আমার, আপনার, সকলের, তাহলেই সম্ভব আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন