ঢাকা, রোববার, ০৯ আগস্ট ২০২৬

২৪ শ্রাবণ ১৪৩৩

বাবার কাছে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ইমরানের

প্রকাশ: ১৫:০৪, ৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:০৪, ৮ আগস্ট ২০২৬

বাবার কাছে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ইমরানের

রাজধানীর মহাখালী এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় মুক্তারুল ইমরান (১৬) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মহাখালীর পাগলারপোল এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। 

পথচারী হরিজন সোম জানান, সকালে তিনি ঘটনাস্থলের রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় গাজীপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ইমরান আহত হয়। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।

 

হাসপাতালে ইমরানের মা মুক্তারা আক্তার জানান, তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বকুয়া গ্রামে। বর্তমানে তারা তেজগাঁওয়ের আরজতপাড়া এলাকায় ভাড়া থাকেন। ইমরানের বাবার নাম জামাল হোসেন শান্ত। সে সাভারের হেমায়েতপুরের একটি মাদরাসার হেফজখানায় পড়াশোনা করত। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ইমরান ছিল সবার বড়।

 

মুক্তারা আক্তার আরও জানান, ইমরানের বাবা রিকশা চালান এবং মহাখালীতে তার একটি রিকশার গ্যারেজ রয়েছে। সকালে গ্যারেজের চাবি নিয়ে বাবার কাছে মহাখালী যাচ্ছিল ইমরান। পরে লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন, ইমরান ট্রেনের ধাক্কায় আহত হয়েছে এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য ইমরানের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন