শিরোনাম
প্রকাশ: ০২:৫৪, ৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৫৫, ৯ আগস্ট ২০২৬
কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার গুণবতী রেলস্টেশনের কাছে সাতবাড়িয়া রোড রেল ক্রসিংয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আয়েশা বেগম (৭০) উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের সামছুল আলম মজুমদারের স্ত্রী। গুণবতী রেলস্টেশন মাস্টার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আয়েশা বেগমের মেয়ের স্বামী স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ মোতালেব হোসেন বলেন, শাশুড়ি আয়েশা বেগম শুক্রবার বিকেলে গুণবতী গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে শনিবার সকাল নিজ বাড়িতে ফেরার পথে গুণবতী রেলস্টেশনের কাছাকাছি সাতবাড়িয়া রোডের রেল ক্রসিং পার হওয়ার সময়ে দুটি ট্রেন দুই লেনে একই সময়ে ক্রসিং হচ্ছিল। তিনি চট্টগ্রামমুখী লেন ক্রস করলেও অসাবধানতাবশত ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি খেয়াল করেনি। এ সময়ে তিনি ওই ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ বাড়িতে নিয়ে আসি।
নিহতের ছোট ভাই রাজ্জাকুল হায়দার আলম বলেন, আমার বোন শুক্রবার আমাদের বাড়িতে বেড়াতে আসে। গুণবতীতে ওনার কিছু জায়গা আছে, সেখানে বাড়ি করে ভাড়া দিয়ে রেখেছে। প্রতি মাসের শুরুতে এসে তিনি ভাড়া আদায় করে নিয়ে যান। শনিবার সকালে তিনি বাড়ি ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। বোনের মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।
গুণবতী রেলস্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, শনিবার সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস গুণবতী রেল স্টেশন পার হওয়ার সময়ে সাতবাড়িয়া রোড রেল ক্রসিংয়ে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আয়েশা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরে স্বজনরা এসে মরদেহ নিয়ে গেছে।