শিরোনাম
ইমন খান বিশেষ প্রতিনিধি:
প্রকাশ: ১৯:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি ট্রেনের একটি এসি কোচের ভ্যাকুয়াম ব্রেক পাইপ বিচ্ছিন্ন হয়ে সাময়িক বিলম্বের ঘটনা ঘটেছে। পরে মেকানিক্যাল বিভাগের প্রকৌশলীর মাধ্যমে দ্রুত মেরামত শেষে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মহানগর গোধূলি ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায়। স্টেশন ত্যাগের সিগন্যাল পাওয়ার কিছুক্ষণ পর ট্রেনের ২৬৩০ নম্বর এসি কোচের ভ্যাকুয়াম ব্রেক পাইপ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিষয়টি জানতে পেরে ট্রেন পরিচালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় কয়েকজন যাত্রী ট্রেন থেকে নেমে কী ঘটেছে জানতে চান। ট্রেন পরিচালক তাদের বিষয়টি বুঝিয়ে আশ্বস্ত করেন এবং জানান, এটি বড় ধরনের কোনো দুর্ঘটনা নয়।
পরে মেকানিক্যাল বিভাগের একজন প্রকৌশলী ঘটনাস্থলে এসে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পাইপ দুটি পুনরায় সংযুক্ত করেন। মেরামতের কাজে আনুমানিক তিন থেকে চার মিনিট সময় লাগে।
এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি। মেরামত শেষে রাত ৭টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ঢাকার উদ্দেশে পুনরায় ছেড়ে যায় মহানগর গোধূলি। ট্রেনটির পরবর্তী গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া।
ট্রেন পরিচালক জানান, ঘটনাটি জানার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এবং যাত্রীদের বিষয়টি জানানো হয়। পরে প্রকৌশলী এসে বিচ্ছিন্ন পাইপ সংযুক্ত করে দিলে অল্প সময়ের মধ্যেই ট্রেনটি আখাউড়া স্টেশন ত্যাগ করে।