শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:২৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:২৬, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে নারী, পুরুষ ও শিশুসহ ২৭ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগে গত বুধবার গুয়াহাটি ও রাঙ্গিয়ায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
এরমধ্যে ১৫ জনকে জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেন থেকে নামিয়ে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের বেশিরভাগই কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের বাংলাদেশে ‘পুশব্যাক’ বা ফেরত পাঠানো হতে পারে। আসাম পুলিশের সীমান্ত শাখার উপকমিশনার কুলেন্দ্র নাথ ডেকা এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা ডেকা বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশ করা ব্যক্তিদের একটি দল গুয়াহাটিতে অবস্থান করছে-এমন তথ্য পাওয়ার পর প্রথমে আসাম স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের (এএসটিসি) ক্যাম্পাস থেকে ১২ জনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তিরা জানান, আরও একটি দল জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে (আরপিএফ) সতর্ক করে সীমান্ত পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটক ২৭ জনের কারও কাছেই ভারতে বৈধভাবে অবস্থানের প্রমাণ হিসেবে দেখানোর মতো কোনো নথি পাওয়া যায়নি। কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে ঢাকা, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা ও ময়মনসিংহের বাসিন্দাও রয়েছেন।
তারা কোনো দালাল বা মধ্যস্থতাকারীর সহায়তায় মেঘালয় হয়ে ভারতে প্রবেশ করেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ডেকা জানান, আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর (বিতাড়নের) আদেশ চেয়ে সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারের কাছে আবেদন করেছে সীমান্ত পুলিশ। ওই আদেশ জারি হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিদের বেশিরভাগই কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিলেন। ডেকা বলেন, ‘তাদের বেশিরভাগই চাকরির সন্ধানে ভারতে প্রবেশ করেছেন। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে এবং পরবর্তী তদন্ত চলবে।’
আসাম পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিরা কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং আসামে পৌঁছাতে কোনো ব্যক্তি বা চক্র তাদের সহায়তা করেছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।