শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২২:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে নিজ কর্মস্থলে ডিউটিরত অবস্থায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান ও রেল শ্রমিক নেতা মো. জাবেদ হোসেন। গত ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে নিজ কর্মস্থলে দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় আহত হন তিনি।
মো. জাবেদ হোসেন বাংলাদেশ রেলওয়ের গ্যাং নাজিরহাট-৪-এ ওয়েম্যান হিসেবে কর্মরত। একই সঙ্গে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী দলের ষোলশহর শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুর্ঘটনায় তার ডান হাতের কব্জিতে গুরুতর আঘাত লাগে এবং কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। আহত অবস্থায় তাকে চট্টগ্রামের সিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে আহত রেল শ্রমিক নেতা জাবেদ হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার সভাপতি মো. ইমরুল চৌধুরী এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক মো. নাদিম।
এ সময় নেতৃবৃন্দ জাবেদ হোসেনের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের প্রতি সহমর্মিতা জানান।
রেল শ্রমিক নেতা ও ওয়েম্যান মো. জাবেদ হোসেনের আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন নেতৃবৃন্দ।