ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

৪ আশ্বিন ১৪৩৩

মাধনগর স্টেশন রোডে অসুস্থ বৃদ্ধ উদ্ধার, পাশে ছিল না কোনো স্বজন

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২১:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মাধনগর স্টেশন রোডে অসুস্থ বৃদ্ধ উদ্ধার, পাশে ছিল না কোনো স্বজন

নাটোরের নলডাঙ্গায় মাধনগর স্টেশন রোডের পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে স্থানীয়রা তাকে সড়কের পাশে পড়ে থাকতে দেখেন।

পরে বিষয়টি পরিবেশ ও সংবাদকর্মী ফজলে রাব্বী জানতে পেরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ওই ব্যক্তির বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় এবং তার সঙ্গে কোনো স্বজন না থাকায় তাকে হাসপাতালে নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, ওই ব্যক্তির সঙ্গে থাকা মুঠোফোনের একটি নম্বরে যোগাযোগ করা হলে এক নারী ফোনটি ধরেন। তিনি জানান, ফোনটি তার ভাইয়ের। ওই ব্যক্তির স্ত্রী-সন্তান সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তার স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গেছে। তবে দুই ছেলে বাবার ভরণ-পোষণের দায়িত্ব নেননি বলে জানান তিনি। বর্তমানে ওই ব্যক্তি তার বোনের সঙ্গে থাকেন।

বৃদ্ধের অসুস্থতার খবর তার বোনকে জানানো হলে পারিবারিক অসচ্ছলতার কথা জানিয়ে প্রথমে তিনি আসতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে অনুরোধের পর তিনি হাসপাতালে আসবেন বলে জানান।

দীর্ঘদিনের অযত্ন, অবহেলা ও পারিবারিক সংকটের কারণে ওই ব্যক্তির এমন পরিস্থিতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার অসুস্থতার প্রকৃত কারণ ও পারিবারিক পরিস্থিতি আরও যাচাইসাপেক্ষ।

অথচ এই মানুষটিই হয়তো শেষ বয়সের শেষ আশ্রয়টুকুর আশায় তাঁর যৌবনের সকল শক্তি-সামর্থ্য দিয়ে সন্তানদের বড় করেছিলেন। আজ সেই শেষ বয়সেই যদি তাকে অসুস্থ অবস্থায় একা পড়ে থাকতে হয়, তাহলে প্রশ্ন থেকেই যায়—বয়োবৃদ্ধরা কি সত্যিই পরিবারের বোঝা, নাকি পরিবারেরই ছায়া?

বয়োবৃদ্ধ মানুষ পরিবারের বোঝা নন; তারা একটি পরিবারের অভিজ্ঞতা, ত্যাগ ও ভালোবাসার অংশ। তাদের শেষ বয়সে প্রয়োজন যত্ন, নিরাপত্তা ও আপনজনের পাশে থাকা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন