ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, সিরাজগঞ্জে দুর্ভোগে যাত্রীরা

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬:১০, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:১১, ২৯ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, সিরাজগঞ্জে দুর্ভোগে যাত্রীরা

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় ‘নিলসাগর এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এর ফলে চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মুখে পড়েছেন সিরাজগঞ্জ অঞ্চলের যাত্রীরা। দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষা করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিরাজগঞ্জের বিভিন্ন রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা দ্রুত উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে রেলপথে স্থায়ী শান্তি ও দুর্ভোগ নিরসনে ডাবল লাইন নির্মাণের দাবি তোলেন তারা।

সিরাজগঞ্জের সায়দাবাদ স্টেশনের ইনচার্জ মনিরুজ্জামান জানান, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শেষ করেছে। খুব শীঘ্রই ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। তবে তিনি মনে করেন, রেলপথে ডাবল লাইন নির্মাণ না হলে এ ধরনের দুর্ভোগের স্থায়ী সমাধান করা কঠিন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, শিডিউল বিপর্যয় দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি ট্রেনগুলো। সায়দাবাদ স্টেশন থেকে দুপুর ১২টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকা ‘চিলাহাটি এক্সপ্রেস’ যথাসময়ে ছাড়েনি। এ ছাড়া ইব্রাহীমাবাদ স্টেশনে সকাল ৯টার ‘বনলতা এক্সপ্রেস’ এবং সকাল ১০টা ১০ মিনিটের ‘সিল্কসিটি এক্সপ্রেস’-এর চলাচলেও ব্যাপক বিলম্ব হয়েছে। এতে যাত্রীদের অপেক্ষার দীর্ঘ প্রহরে ভোগান্তি আরও চরমে পৌঁছেছে।

দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ভোগান্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও স্থায়ী পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী যাত্রীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন