শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪:১৬, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:১৩, ২৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের ময়মনসিংহ ও জামালপুর সেকশনে মেইট পদে পদোন্নতি ও পদায়ন সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভৈরবের এইএন (সহকারী নির্বাহী প্রকৌশলী) দপ্তরের অধীন দুইজন মেইট জামালপুর এইএন দপ্তরের অধীনে যোগদান করতে গেলে জামালপুর সেকশনের মেইটরা তাঁদের যোগদানে বাধা দেন বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ময়মনসিংহ ও জামালপুরের পদোন্নতি বঞ্চিত মেইটদের বিভিন্ন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ওই দুইজনকে যোগদান করতে দেওয়া হবে না—এমন অবস্থান নিয়েছেন জামালপুর সেকশনের মেইটরা। একই সঙ্গে তাঁরা জামালপুর এইএন দপ্তরে অবস্থান কর্মসূচিও পালন করেন। এ ঘটনায় প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে বলে জানা গেছে।
সংগঠনটির অতিরিক্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, জামালপুরের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা বিভাগের বিভাগীয় প্রকৌশলী-২ আহসান হাবিবের সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি জানান, রেল শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল মান্নান ও কেন্দ্রীয় কমিটির এজিএস ইমরুল কায়েস পলাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেও বিষয়টির সমাধান হয়নি।
তিনি আরও বলেন, মেইট পদে পদোন্নতি ও পদায়ন ঘিরে সৃষ্ট জটিলতা নিরসন না হওয়ায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এ অবস্থায় রেল প্রশাসনের কাছে দ্রুত বৈষম্যসংক্রান্ত অভিযোগগুলো পর্যালোচনা করে ন্যায্য সমাধান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে এ বিরোধের প্রভাব প্রকৌশল বিভাগের স্বাভাবিক কর্মপরিবেশে পড়তে পারে। তাই ময়মনসিংহ ও জামালপুর সেকশনের পদোন্নতি বঞ্চিত মেইটদের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।