শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১২:১১, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:১১, ২৮ অক্টোবর ২০২৬
ঢাকায় তিনটি নতুন মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই মেগা পরিকল্পনার অংশ হিসেবে মেট্রোরেল লাইন-১ (MRT Line-1) প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্যাকেজের কাজ পেয়েছে ভারতের শীর্ষস্থানীয় অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। জাইকার অর্থায়নে দেশের প্রথম ভূগর্ভস্থ এই মেট্রোরেল প্রকল্পে চুক্তি দুটিকে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
চুক্তির আওতায় এলঅ্যান্ডটি যে কাজগুলো করবে:
সিপি০৯ প্যাকেজ: জাপানি অংশীদার সুমিতোমো করপোরেশনের সঙ্গে মিলে পুরো রুটে রেললাইন স্থাপন, বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ ব্যবস্থা, ট্র্যাকশন সাবস্টেশন, ওভারহেড ক্যাটেনারি সিস্টেম এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক অবকাঠামোর নকশা ও নির্মাণকাজ।
সিপি১০ প্যাকেজ: পুরো নেটওয়ার্কে আধুনিক সংকেত ব্যবস্থা (সিগন্যালিং), টেলিযোগাযোগ এবং প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর (PSD) স্থাপন।
প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ প্রকল্পের আওতায় কমলাপুর থেকে বিমানবন্দর এবং নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল—এই দুটি রুটে মোট ১৯টি স্টেশন ও পিতলগঞ্জে একটি আধুনিক ডিপো নির্মিত হবে। এর আগে সফলভাবে ঢাকা মেট্রোরেল লাইন-৬ এর কাজ সম্পন্ন করেছিল এলঅ্যান্ডটি। নতুন এই কাজগুলোর মাধ্যমে ঢাকাবাসীর জন্য একটি নিরাপদ ও বিশ্বমানের নগর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।