ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩

চালকের বিচক্ষণতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘জামালপুর এক্সপ্রেস’, স্টেশনে দায়িত্বে অবহেলার অভিযোগ

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭:৩০, ২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৩০, ২ নভেম্বর ২০২৬

চালকের বিচক্ষণতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘জামালপুর এক্সপ্রেস’, স্টেশনে দায়িত্বে অবহেলার অভিযোগ

জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে বড় ধরনের একটি সম্ভাব্য ট্রেন দুর্ঘটনা এড়ানো গেছে চালকের বিচক্ষণতার কারণে। ভুলবশত নির্ধারিত লাইনের পরিবর্তে ট্রেনটি একটি পরিত্যক্ত লাইনে ঢুকে পড়ায় এই চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা গাফিলতিতে ছিলেন বলে অভিযোগ উঠেছে।

 

আজ সোমবার (২ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটির নরুন্দি স্টেশনে দুই নম্বর লাইনে প্রবেশ করার কথা ছিল। কিন্তু পয়েন্ট পরিবর্তনের ভুলের কারণে ট্রেনটি চলে যায় পরিত্যক্ত তিন নম্বর লাইনে। সৌভাগ্যবশত ট্রেনের গতি কম থাকায় এবং স্টেশনের মাঝামাঝি কাটা লাইনে ক্রস পিলার দেখতে পেয়ে চালক দ্রুত ট্রেন থামিয়ে দিতে সক্ষম হন। পরবর্তীতে ট্রেনটি কিছুটা পেছনে নিয়ে ক্রসিং ঠিক করে দুই নম্বর লাইনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রায় ৩০ মিনিট ট্রেনটি দেরিতে ছাড়ে।

 

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, ট্রেন স্টেশনে ঢোকার সময় স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যান অফিসে ঘুমিয়ে বা ঝিমাচ্ছিলেন। তবে পয়েন্টসম্যান মজিবুর রহমান ও স্টেশন মাস্টার দেওয়ান হারুন সালাফী ঝিমিয়ে থাকার বিষয়টি অস্বীকার করলেও ম্যানুয়ালি পয়েন্ট পরিবর্তনের ভুলের কথা স্বীকার করেছেন। তাদের দাবি, পাথর নামানোর কাজের জন্য তিন নম্বর লাইনটি আংশিক খোলা থাকায় এবং বারবার পয়েন্ট পরিবর্তন করতে গিয়ে এই ভুলটি হয়েছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও দায়িত্ব পালনে এমন উদাসীনতা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

 

#JamalpurExpress #BangladeshRailway #NorundiStation #TrainAccidentAverted #RailwayNegligence #RailwayNews #BangladeshNews

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন