শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩:০৭, ২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০৭, ২ নভেম্বর ২০২৬
আশির দশকে বন্ধ হয়ে যাওয়া বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের ঐতিহাসিক তেলের হেড ডিপোটি পুনরায় চালু করার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, জংশনের ৭ নম্বর ইয়ার্ডের একটি পরিত্যক্ত জায়গাকে এই ডিপো তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে।
গত শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সান্তাহার পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর নেতৃত্বে পৌরসভার প্রকৌশলী, সার্ভেয়ার এবং স্থানীয় নেতাকর্মীদের একটি দল প্রস্তাবিত স্থানটি সরেজমিনে পরিদর্শন ও মাপজোখ করেন। পরবর্তীতে এই জায়গার একটি স্কেচ বা নকশা তৈরি করে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদারের সঙ্গে আলোচনা সাপেক্ষেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, এই ডিপোটি পুনরায় চালু হলে সান্তাহার জংশনের হারানো ঐতিহ্য ফিরে আসার পাশাপাশি রেলওয়ের কার্যক্রমেও গতি আসবে।