শিরোনাম
মো: মোতাহার হোসেন সরকার( স্টাফ রিপোর্টার)।
প্রকাশ: ১৪:২৫, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১৪:২৫, ২৪ জুন ২০২৬
গতকাল মঙ্গলবার (২৩ জুন) বাজেট অধিবেশনে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুল রহমান উত্তরবঙ্গে চলাচলকারী তিনটি ট্রেনের কোচ পরিবর্তনের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-৩ এর পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা বিগত ফ্যাসিস্ট সরকার আমলে শুধুমাত্র রাজনৈতিক কারণে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।”
তিনি আরও বলেন, পীরগঞ্জ রেলওয়ে স্টেশন উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে ট্রানজিট পয়েন্ট। এ স্টেশন থেকে তিনটি আন্তঃনগর ট্রেনসহ মোট ১২টি ট্রেন যাতায়াত করে। পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর উপজেলার লক্ষাধিক মানুষ এ স্টেশনের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, “আসন বরাদ্দের তুলনায় চাহিদা অনেক বেশি। তারপরও এই স্টেশন থেকে মাসিক গড় রাজস্ব আয় ৬০ থেকে ৭০ লাখ টাকা। কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে যাত্রীসেবা ও নাগরিক সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন।”
এ সময় তিনি পীরগঞ্জ রেলওয়ে স্টেশন হয়ে চলাচলকারী একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের জরাজীর্ণ ও পুরোনো কোচ পরিবর্তন করে আধুনিক কোচ সংযোজনের দাবি জানান।
তিনি বলেন, “যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে দ্রুত এসব ট্রেনে আধুনিক কোচ প্রতিস্থাপন করা প্রয়োজন।”