শিরোনাম
প্রকাশ: ১৪:৫৫, ২৬ জুলাই ২০২৬
জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ঢাকা রেলওয়ে থানার যৌথ উদ্যোগে মাত্র ৩০ মিনিটের মধ্যে এক প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্মাননা ও আর্থিক পুরস্কার পেয়েছেন ঢাকা রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জয়নাল আবেদীন।
রবিবার (২৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী *সালাহউদ্দিন আহমদ*।
এই সফল অভিযানে জয়নাল আবেদীনের সঙ্গে আরও পুরস্কৃত হয়েছেন ঢাকা রেলওয়ে থানার এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবির, এএসআই (নিরস্ত্র) মো. রাজিকুল ইসলাম, কনস্টেবল মো. শাহীনুর ইসলাম, কনস্টেবল আজমীর হোসেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর এসআই মো. মিজানুর রহমান ও কনস্টেবল মো. বুলবুল আহমেদ।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব ও সেবামুখী হিসেবে গড়ে তুলতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত থাকবে। যারা সততা, সাহসিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।
এই সম্মাননা দ্রুত ও কার্যকর সেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে ঢাকা রেলওয়ে থানার পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।