শিরোনাম
প্রকাশ: ২৩:৩৪, ২৫ জুলাই ২০২৬
কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মামুন টিটিই (ট্রাভেলিং টিকিট এক্সামিনার) নন, তিনি বাংলাদেশ রেলওয়ের একজন গার্ড হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা অঞ্চলের চিফ টিটিই শেখ মনিরুল ইসলাম।
এর আগে বিভিন্ন মাধ্যমে অভিযুক্তকে টিটিই হিসেবে উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি টিটিই নন।
আহত শফিউল আওয়াল সুমনের অভিযোগ, শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে পৌঁছায়। তিনি অসুস্থ মা ও বাবাকে নিয়ে চুয়াডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠতে গেলে কর্তব্যরত এক রেলকর্মী বাধা দেন।
সুমনের দাবি, একপর্যায়ে ওই রেলকর্মী তাঁর মাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এ ঘটনায় বগির ভেতরে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত রেলকর্মী ধারালো অস্ত্র দিয়ে তাঁকে ও তাঁর বাবাকে আঘাত করেন। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তাঁদের হাতে গুরুতর জখম হয়।
আহতের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত রেলকর্মীর বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও রেলওয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।