শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ০০:০০, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০০:০০, ২২ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না এবং যেকোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের (রাজশাহী) মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী রেলস্টেশনে গত রাতের ভাঙচুরের ঘটনা ও ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জিএম বলেন, "রেলওয়ে বনাম স্টুডেন্ট—এমন একটা মুখোমুখি পরিস্থিতি তৈরি হওয়া রাজশাহীসহ সাধারণ জনগণের জন্য অত্যন্ত দুঃখজনক। কোনো ধরনের তথ্যের ঘাটতি বা দূরত্ব থাকলে তা বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, যাতে সাধারণ মানুষের সম্পদ ক্ষতিগ্রস্ত না হয়।"
ঘটনার বিস্তারিত ও রেলওয়ের গৃহীত পদক্ষেপসমূহ:
তদন্ত কমিটি গঠন: ঘটনার সুষ্ঠু তদন্তে রেলওয়ের নিজস্ব কমিটির পাশাপাশি রাজশাহী বিভাগীয় কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী পৃথক ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
যাত্রী ভোগান্তি ও ক্ষয়ক্ষতি নিরূপণ: গত রাতে ভাঙচুরের কারণে একটি ট্রেনের যাত্রা বাতিল হয়, ফলে ছোট শিশুসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বর্তমানে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
চার কর্মচারীর বরখাস্ত ও শ্রমিক অসন্তোষ: সাময়িক বরখাস্ত হওয়া চার কর্মচারীর বিষয়ে প্রাতিষ্ঠানিক তদন্তের প্রতিবেদন ও রেকর্ডের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনার পর স্বাভাবিক পরিস্থিতিতে শ্রমিকরা কাজে ফিরেছেন।
আইনি পদক্ষেপ: ঘটনার সার্বিক তদন্ত ও ক্ষয়ক্ষতি মূল্যায়নের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অবস্থান স্পষ্ট করে জিএম আহম্মদ হোসেন মাসুম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "যেকোনো সমস্যায় আমরা আলোচনায় বসতে প্রস্তুত। সাধারণ যাত্রী, যারা গণপরিবহন ব্যবহার করেন, তারা যেন কোনো ভোগান্তির শিকার না হন এবং রাষ্ট্রীয় সম্পদের যেন কোনো ক্ষতি না হয়।"
মামুন রেজা ভয়েজ বাংলা রাজশাহী।