শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২০:১৮, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৮, ১৯ নভেম্বর ২০২৬
ঢাকা-পাবনা রুটে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হলো নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের নতুন এই ট্রেন দুটি চালুর মধ্য দিয়ে ঢাকা ও পাবনার মধ্যে সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হলো।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাবনা রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেনে পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন মন্ত্রী। এর আগে একই দিন সকালে সড়কপথে ঢাকা থেকে পাবনায় পৌঁছান তিনি।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ২০ নভেম্বর ২০২৬ থেকে নতুন এই ট্রেন দুটি বাণিজ্যিকভাবে নিয়মিত চলাচল শুরু করবে। এর মধ্যে ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করে রাত ৯টা ২০ মিনিটে গন্তব্যে পৌঁছাবে।
ট্রেন দুটি উভয় পথে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।
নতুন এই ট্রেন চালুর ফলে পাবনা ও ঢাকার মধ্যে যাতায়াত আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার এমপি, পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নতুন এই আন্তঃনগর ট্রেন চালুর মধ্য দিয়ে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি দেশের রেল যোগাযোগব্যবস্থায় যুক্ত হলো নতুন একটি গুরুত্বপূর্ণ রুট।