শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২২:১১, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১২, ১৮ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন শম্ভুগঞ্জ রেলব্রিজের কাজ নিয়ে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। নেভিগেশন ক্লিয়ারেন্সের উচ্চতা নির্ধারণ নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে মতপার্থক্য এবং সমন্বয়হীনতার কারণে আটকে আছে গুরুত্বপূর্ণ এই অবকাঠামো প্রকল্পের অগ্রগতি। মাত্র দেড় মিটারের ব্যবধান ঘিরে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে ব্রিজটির চূড়ান্ত নকশা ও নির্মাণকাজের সংশ্লিষ্ট সিদ্ধান্ত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ অক্টোবর বিআইডব্লিউটিএ পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর প্রস্তাবিত রেলব্রিজের নেভিগেশন ক্লিয়ারেন্সের উচ্চতা ১২ দশমিক ২০ মিটার রাখার প্রস্তাব দেয়। নদীটি দ্বিতীয় শ্রেণির হওয়ায় ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বরও সংস্থাটি তাদের আগের অবস্থান বজায় রাখে। ওই সময় ব্রিজের নেভিগেশন প্রস্থ ৭৬ দশমিক ২২ মিটার এবং উচ্চতা ১২ দশমিক ২০ মিটার নির্ধারণের প্রস্তাব বহাল রাখা হয়।
তবে ২০২৬ সালের ২৬ জুলাই বিআইডব্লিউটিএ তাদের অবস্থানে পরিবর্তন এনে নেভিগেশন প্রস্থ ৭৫ মিটার এবং ক্লিয়ারেন্সের উচ্চতা ১০ মিটার নির্ধারণের প্রস্তাব দেয়। অন্যদিকে, বাংলাদেশ রেলওয়েও গত আগস্ট মাসে নেভিগেশন ক্লিয়ারেন্সের উচ্চতা ১০ মিটার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানায়।
দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘদিনের এই মতপার্থক্য নিরসনে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলমের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
সভায় মন্ত্রী শেখ রবিউল আলম নেভিগেশন ক্লিয়ারেন্সের উচ্চতা ৯ মিটার নির্ধারণের একটি প্রস্তাব দেন। তবে প্রচলিত আইনগত বিধিবিধানের কারণে মন্ত্রণালয় পর্যায় থেকে সরাসরি এ সিদ্ধান্ত বাস্তবায়নের জটিলতা রয়েছে বলে আলোচনায় উঠে আসে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রয়োজন হতে পারে। ফলে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, গুরুত্বপূর্ণ এই রেলব্রিজের নির্মাণকাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। দুই সরকারি প্রতিষ্ঠানের প্রস্তাবের মধ্যে সমন্বয় না হওয়ায় এবং নেভিগেশন ক্লিয়ারেন্সের উচ্চতা নিয়ে সিদ্ধান্ত ঝুলে থাকায় প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শম্ভুগঞ্জ রেলব্রিজ ময়মনসিংহ অঞ্চলের রেল যোগাযোগ অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। তাই নেভিগেশন ক্লিয়ারেন্স নিয়ে দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুত একটি কার্যকর সিদ্ধান্ত গ্রহণের দাবি উঠছে।