ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

কর্তব্যকালীন ভ্রমণে রেল কর্মকর্তাদের জন্য বাড়ল কেবিন সুবিধা।

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪:৫০, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৫০, ১২ নভেম্বর ২০২৬

কর্তব্যকালীন ভ্রমণে রেল কর্মকর্তাদের জন্য বাড়ল কেবিন সুবিধা।

বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনে কর্তব্যকালীন ভ্রমণের ক্ষেত্রে কর্মকর্তাদের কেবিন সুবিধায় সংশোধনী আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রেলওয়ের বিভাগীয় প্রধানসহ ৩য় গ্রেডের পদে কর্মরত কর্মকর্তারা কর্তব্য পাসের বিপরীতে একটি প্রথম শ্রেণির তাপানুকূল (এসি) সিঙ্গেল কেবিন সুবিধা পাবেন।

একই সঙ্গে ১ম ও ২য় গ্রেডের কর্মকর্তাদের জন্যও কেবিন সুবিধার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, প্রয়োজনে আন্তঃনগর ট্রেনে কর্তব্যকালীন ভ্রমণের ক্ষেত্রে ১ম গ্রেডের কর্মকর্তারা একটি প্রথম শ্রেণির তাপানুকূল ডাবল কেবিন এবং ২য় গ্রেডের কর্মকর্তারা একটি প্রথম শ্রেণির তাপানুকূল সিঙ্গেল কেবিন ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের পাশ বিধিমালায় সংশোধনী এনে এ আদেশ জারি করা হয়েছে। উপপরিচালক (পার্সোনেল-২) পলাশ কুমার সাহা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, রেলওয়ে বিভাগের ৭ মার্চ ১৯৮৫ সালের স্মারক এবং মহাপরিচালকের কার্যালয়ের ১৫ নভেম্বর ২০১৭ সালের স্মারকের ধারাবাহিকতায় এ সংশোধনী আনা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, ১৯৮৫ সালের বিধান অনুযায়ী ১ম ও ২য় গ্রেডের কর্মকর্তারা তাঁদের প্রাপ্যতা অনুসারে সেলুন সুবিধা ভোগ করে আসছেন। তবে প্রয়োজনে আন্তঃনগর ট্রেনে কর্তব্যকালীন ভ্রমণের ক্ষেত্রে তাঁরা নির্ধারিত শ্রেণির কেবিন সুবিধা গ্রহণ করতে পারবেন।

পাশ বিধিমালার অন্যান্য অনুচ্ছেদ ও উপ-অনুচ্ছেদ অপরিবর্তিত থাকবে বলে আদেশে জানানো হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন