ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩

ঢাকা-পাবনার উদ্বোধনী বিশেষ ট্রেনে নাশকতা ঠেকাতে প্রস্তুত দুই পুলিশ সুপার

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:১৫, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৫, ১৮ নভেম্বর ২০২৬

ঢাকা-পাবনার উদ্বোধনী বিশেষ ট্রেনে নাশকতা ঠেকাতে প্রস্তুত দুই পুলিশ সুপার

আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) পাবনা রেলওয়ে স্টেশনে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন উপস্থিত থাকবেন। উদ্বোধন শেষে বিশেষ ট্রেনযোগে ঢাকায় ফিরবেন তাঁরা।

এদিকে একই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি থাকায় ট্রেন ও রেলস্টেশন ঘিরে নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে উদ্বোধনী বিশেষ ট্রেনে ভিআইপি অতিথিরা থাকায় ট্রেনটি সম্ভাব্য নাশকতাকারীদের লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে উদ্বোধনী বিশেষ ট্রেনের নিরাপত্তা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, তা জানতে রেল নিউজ যোগাযোগ করে পাকশী রেলওয়ে জেলা ও ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপারের সঙ্গে। তাঁদের দুই জেলার আওতাধীন রেলপথ দিয়েই চলাচল করবে উদ্বোধনী বিশেষ ট্রেনটি।

পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) মোহাঃ মেহেদী হাসান রেল নিউজকে বলেন, “স্পেশাল ট্রেন, ভিআইপি থাকবে স্বাভাবিকভাবেই আলাদা গুরুত্ব আমরা দিবো। পাশাপাশি যেহেতু ভায়োলেন্স হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা দেখলেও আমরা কঠোর নজরদারি করি। আমাদের কাছে নাশকতা ঘটার কোন তথ্য নেই। তবে নিরাপদে স্পেশাল ট্রেনটি আমার এলাকা ক্রস করানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া আছে।”

অন্যদিকে ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা রেল নিউজকে বলেন, “আমরা সবসময় সতর্ক অবস্থায় থাকলেও, আগামীকাল বিশেষ ব্যবস্থা নিচ্ছি। স্টেশন গুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। শুধু স্পেশাল ট্রেন নয়, ঢাকা রেলওয়ে জেলার ভিতর যতো ট্রেন চলাচল করবে সবগুলোর নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমার টীমের। স্পেশাল ট্রেনটি আমার জেলার ভিতর প্রবেশ করলে নিরাপত্তা সুবিধা দিয়ে স্টেশনে নিয়ে আশা হবে।”

পুলিশের দুই জেলার দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্যে উদ্বোধনী বিশেষ ট্রেনের নিরাপত্তায় বাড়তি প্রস্তুতির বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ ট্রেনের যাত্রা নির্বিঘ্ন রাখতে রেলপথ এবং স্টেশনগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারি থাকবে বলে জানা গেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন