ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩

মেট্রোতে ‘নাম না জানা ফুলদের’ কণ্ঠে ‘আমরা করব জয়’

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:১৮, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১৯, ১৮ নভেম্বর ২০২৬

মেট্রোতে ‘নাম না জানা ফুলদের’ কণ্ঠে ‘আমরা করব জয়’

বহুদিনের পুরোনো পাঞ্জাবি, মানুষটার লুঙ্গিতেও অভাবের ছাপ। পাশে দুই শিশু গাইছে ‘উই শ্যাল ওভারকাম’। তাদের শুনলে আপনার মনে হবে ‘নাম না জানা দুটি ফুল’ সুভাস ছড়িয়ে যাচ্ছে। গানের এমন সুর পেরিয়ে ঝকঝক শব্দে কারওয়ান বাজার থেকে ছুটে চলেছে মেট্রো। দিনমজুর পিতার যেন সন্তানদের গান কিংবা মেট্রোর ছুটে চলা-কোনো কিছুতেই মন নেই। তবে অন্য যাত্রীরা দুই শিশুর গানে অবাক, মুগ্ধ!

মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দেওয়ান আতাউল কায়সার নামের এক ফেসবুক ব্যবহারকারী এদিন রাতে নিজের ফেসবুকে ভিডিওটি পোস্ট করতেই ভাইরাল হতে শুরু করে। কমেন্ট বক্স ভেসে যাচ্ছে মুগ্ধতার বন্যায়।

আতাউল কায়সার লিখেছেন, ‘আজ মেট্রোতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। অফিস থেকে একটু আগেই বের হয়েছিলাম, কারওয়ান বাজার থেকে মেট্রোতে উঠে হেডফোনে গান ছেড়ে দিলাম। বেশ জোরেই বাজছিল। আশপাশে কী হচ্ছে, সেদিকে খেয়াল ছিল না। গান শেষ হওয়ার পর হঠাৎ একটা পরিচিত সুর কানে এলো’

‘আমরা করব জয়।’

ছোটবেলায় কতবার গেয়েছি গানটা! স্কুলে, অনুষ্ঠানে, বন্ধুদের সঙ্গে। গানটার সঙ্গে একটা অদ্ভুত সরল বিশ্বাস জড়িয়ে আছে। মনে হতো, সত্যিই একদিন আমরা জয়ী হব।

হেডফোন খুলে তাকালাম।

দেখি, একজন মানুষ বসে আছেন। পরনে পুরোনো একটা পাঞ্জাবি, মাথায় টুপি। তাঁর পাশে দুটি বাচ্চা। একজন ছেলে, একজন মেয়ে। দুজন মিলে গান গাইছে।

বাচ্চা দুটির গলায় বেশ মায়া আছে। আর গাওয়ার ভঙ্গিটাও চমৎকার।

এরপর যা হলো, সেটা ভাবিনি।

‘আমরা করব জয়’ গানটা শেষ করে ওরা গেয়ে উঠল, ‘We Shall Overcome.’

মেট্রোভর্তি মানুষ তখন চুপ করে শুনছে। কেউ কেউ অবাক হয়ে তাকিয়ে আছে। এত ছোট দুটি বাচ্চা, অথচ কী আত্মবিশ্বাস তাদের গলায়!

আমি ফোন বের করে ভিডিও করার লোভ সামলাতে পারলাম না।

আমাদের জীবনে কত অভিযোগ। কত হিসাব। কত কিছু না পাওয়ার দুঃখ। প্রতিদিন কত ছোটখাটো ঘটনায় মন খারাপ করি।

অথচ এই দুটি বাচ্চা কী সুন্দর করে গেয়ে যাচ্ছে, ‘We Shall Overcome’.

গানটার বাংলা অর্থ ওরা কতটা বোঝে জানি না। কিন্তু গানটার বিশ্বাসটুকু ওদের গলায় খুব স্পষ্ট।

বাবারা, তোমাদের জন্য অনেক দোয়া রইল। তোমরা জীবনে অনেক বড় হও। তোমাদের গানের কথাগুলো যেন একদিন সত্যি হয়।

আর তোমাদের বাবার জন্যও অনেক দোয়া। যিনি নিজের সীমাবদ্ধতার মাঝেও তোমাদের স্বপ্ন দেখার সাহস দিয়েছেন, গলা ছেড়ে গান গাওয়ার সাহস দিয়েছেন, সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছেন।

গান শেষ হওয়ার পর কয়েকজন বাচ্চা দুটিকে কিছু টাকা দিলেন। একজন ভাই দুটি খাতা এগিয়ে দিলেন।

খাতা পেয়ে ওদের আনন্দ দেখে মনটা ভালো হয়ে গেল।

বাচ্চা দুটি খাতা বাবাকে দেখিয়ে বলছে, ‘এই খাতায় আমরা লেখুম।’

আমরা বড় হয়ে কত কিছু চাই। আর ওদের কাছে এই মুহূর্তে দুটি নতুন খাতাই অনেক বড় পাওয়া।

আজ মেট্রো থেকে নেমে মনে হচ্ছিল, পৃথিবীটা হয়তো এত খারাপ না।

কিছু মানুষ এখনো অন্য মানুষের জন্য খাতা কিনে দেন। কিছু বাচ্চা এখনো বিশ্বাস করে, একদিন আমরা জয় করব।

আর আমার মনে হয়, এই বিশ্বাসটুকু বেঁচে থাকা খুব দরকার।

We Shall Overcome.”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি ও দুই শিশুর পরিচয় জানা সম্ভব হয়নি। তবে একজন ফেসবুক ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, ‘আজকে জিয়া উদ্যানের পাশে বেশ কয়েকবার দেখছি ওদের। ওদের বাবা সাহায্য চাইতেছিলো আর বাচ্চাগুলা লেখালেখি করতেছিলো। ওদের মা বেঁচে নেই এটাই বলতেছিলো।’

মেহেদী হাসান শাওন নামের একজন লিখেছেন, ‘ওরা হয়তো কোনো সংস্থার কাছে পড়ালেখা করে। সেখান থেকে গানটি শিখে থাকতে পারে। নিশ্চয়ই ক্লাসের অনেকের চেয়ে ভালো গায়।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন