ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩

অপেক্ষা ফুরাচ্ছে পাবনাবাসীর, বৃহস্পতিবার চালু হচ্ছে নতুন ট্রেন

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:৫১, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৫১, ১৮ নভেম্বর ২০২৬

অপেক্ষা ফুরাচ্ছে পাবনাবাসীর, বৃহস্পতিবার চালু হচ্ছে নতুন ট্রেন

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে পাবনাবাসীর। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন। এর মধ্য দিয়ে সরাসরি রেল যোগাযোগে যুক্ত হচ্ছে পাবনা সদর ও রাজধানী ঢাকা। নতুন এই ট্রেন চালুর ফলে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পরদিন ২০ নভেম্বর থেকে নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।

এর মধ্যে প্রভাতী এক্সপ্রেস সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে এবং গোধূলি এক্সপ্রেস বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে।

পাবনা-ঢাকা রুটে চলাচলকারী নতুন আন্তঃনগর ট্রেন দুটি মধ্যবর্তী আটটি স্টেশনে যাত্রাবিরতি করবে। স্টেশনগুলো হলো ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর।

এসব স্টেশন থেকে ট্রেনে ওঠানামার সুযোগ থাকায় পাবনাসহ পথের বিভিন্ন এলাকার যাত্রীরা ট্রেন দুটি ব্যবহার করতে পারবেন। কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে কত ভাড়া লাগবে, তা নিয়েও যাত্রীদের মধ্যে আগ্রহ রয়েছে।

পাবনা থেকে পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদীতে ভাড়া ধরা হয়েছে শোভন চেয়ারে ৫০ টাকা এবং স্নিগ্ধায় ১১৫ টাকা, চাটমোহরে শোভন চেয়ারে ৭০ টাকা এবং স্নিগ্ধায় ১১৩ টাকা, বড়ালব্রিজে শোভন চেয়ারে ৮৫ এবং স্নিগ্ধায় ১৫৬ টাকা, উল্লাপাড়ায় শোভন চেয়ারে ১১০, ২০৭, শহীদ এম মনসুর আলীতে শোভন চেয়ারে ১৩০ এবং স্নিগ্ধায় ২৪৮, টাঙ্গাইলে শোভন চেয়ারে ৩১৫ টাকা এবং স্নিগ্ধায় ৫৯৮ টাকা, জয়দেবপুরে শোভন চেয়ারে ৩৮৫ টাকা এবং স্নিগ্ধায় ৭৩৬ টাকা, ঢাকা বিমানবন্দর স্টেশনে শোভন চেয়ারে ৪২৫ টাকা এবং স্নিগ্ধায় ৮১৭ টাকা।

অন্যদিকে পাবনা গোধুলি এক্সপ্রেস ট্রেনে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে জয়দেবপুরে ভাড়া ধরা হয়েছে শোভন চেয়ারে ৫০ টাকা এবং স্নিগ্ধায় ১১৫ টাকা, টাঙ্গাইলে শোভন চেয়ারে ১১৫ টাকা এবং স্নিগ্ধায় ২১৯ টাকা, শহীদ এম মনসুর আলীতে শোভন চেয়ারে ৩০০ এবং স্নিগ্ধায় ৫৭০ টাকা, উল্লাপাড়ায় শোভন চেয়ারে ৩২০ টাকা এবং স্নিগ্ধায় ৬১৬ টাকা, বড়ালব্রিজে শোভন চেয়ারে ৩৪৫ টাকা এবং স্নিগ্ধায় ৬৬২ টাকা, চাটমোহরে শোভন চেয়ারে ৩৬০ টাকা এবং স্নিগ্ধায় ৬৮৫ টাকা, ঈশ্বরদীতে শোভন চেয়ারে ৩৯০ টাকা এবং স্নিগ্ধায় ৭৪২ টাকা, পাবনায় শোভন চেয়ারে ৪২৫ টাকা এবং স্নিগ্ধায় ৮১৭ টাকা। এই ভাড়ার সঙ্গে সহজের চার্জ হিসেবে আরও ২০ টাকা যোগ হবে।

গত ১২ নভেম্বর ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি হয়। পরবর্তী প্রতিটি যাত্রার টিকিট যথারীতি যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে। উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে অফলাইনে (কম্পিউটারাইজড টিকেট) সংগ্রহ করতে হবে। এদিন ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রা বিরতি করবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন