শিরোনাম
প্রকাশ: ১১:১৮, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:১৮, ১৪ আগস্ট ২০২৬
যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চল লুইস শহরের কাছে বৃহস্পতিবার একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।
আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য একটি বড় ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। জরুরি সেবাদানকারী সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে ট্রেনটি লন্ডনের ভিক্টোরিয়া স্টেশন থেকে ছেড়ে যায়। স্থানীয় সময় বিকেল ৪টার কিছুক্ষণ আগে ট্রেনটি লাইন থেকে ছিটকে পড়ে।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে অন্তত তিনটি বগি উল্টে পড়ে থাকতে এবং সেখানে জরুরি চিকিৎসাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
এক সংবাদ সম্মেলনে উপপ্রধান প্যারামেডিক কর্মকর্তা মাইকেল ব্র্যাডফিল্ড বলেন, হাসপাতালে নেওয়া ২০ জনের মধ্যে বিভিন্ন ধরনের আঘাত রয়েছে। তাদের মধ্যে দুজন গুরুতর আঘাত পেয়েছেন। এই দুজনকে একটি বড় ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের কর্মকর্তা ইয়ান ড্রামন্ড-স্মিথ বলেন, ঘটনাটিকে ‘বড় ধরনের দুর্ঘটনা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে ট্রেনের সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
দুর্ঘটনাটি সাদার্ন রেল-এর একটি ট্রেনে ঘটে। এই রেল পরিষেবা লন্ডনের দক্ষিণাঞ্চল ও আশপাশের এলাকাগুলোকে রাজধানী শহরের সঙ্গে যুক্ত করে।
নেটওয়ার্ক রেলের সাসেক্স অঞ্চলের রুট পরিচালক লুসি ম্যাকঅলিফ বলেন, ‘ঠিক কী ঘটেছে, তা জানতে ঘটনাস্থলে থাকা রেল দুর্ঘটনা তদন্ত শাখার কর্মকর্তাদের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি।’
তদন্তকারী দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।
ব্রিটেনে ট্রেন দুর্ঘটনা, বিশেষ করে প্রাণহানির ঘটনা তুলনামূলকভাবে খুবই কম। এর আগে গত জুনে লন্ডনের উত্তরে দুটি ট্রেনের সংঘর্ষে এক চালক নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়।
এছাড়া গত বছরের নভেম্বরে ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রত্যন্ত এলাকায় ভূমিধসের কারণে একটি ট্রেন লাইনচ্যুত হলে চারজন সামান্য আহত হন।