শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৯:৪৫, ৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪৫, ৪ সেপ্টেম্বর ২০২৬
কুলাউড়ায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া ১১ বছর বয়সী এক পানিবিক্রেতা শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন এক মানসিকভাবে অসুস্থ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা এলাকায়।
আহত শিশুটির পরিচয় এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। তার স্বজনদের কোনো যোগাযোগের নম্বরও সে দিতে পারেনি। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
পুলিশ ও উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছকাপন এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় আহত শিশুটিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান খোকন চৌধুরী (৪৮) নামের ওই ভারসাম্যহীন ব্যক্তি। খোকন চট্টগ্রামের জোরারগঞ্জ থানার তেতুয়া গ্রামের বাসিন্দা। তিনি একসময় পল্লিচিকিৎসক ছিলেন।
কুলাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) অমর চন্দ্র বিশ্বাস জানান, খোকন চৌধুরী বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ ছিলেন। রেললাইন দিয়ে হাঁটার সময় তিনি শিশুটিকে রক্তাক্ত পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। খোকন নিজে অসুস্থ হলেও পুরো রাত হাসপাতালে ঘুমন্ত শিশুটির পাশে বসে থেকে অনন্য মানবিকতার পরিচয় দিয়েছেন। খবর পেয়ে তার স্বজনেরা তাকে বাড়ি নিয়ে যেতে কুলাউড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
সাময়িক সুস্থ হয়ে সমাজসেবা কার্যালয়ের কর্মীদের শিশুটি জানায়, সে ট্রেনে পানির বোতল বিক্রি করত। কয়েকজন লোক তার সঙ্গে থাকা সব টাকাপয়সা ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনিকা কাসেম জানান, শিশুটির শরীরে বড় ধরনের অভ্যন্তরীণ আঘাত বা হাড় ভাঙা থাকতে পারে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ ও সমাজসেবা অধিদপ্তর শিশুটির আসল পরিচয় শনাক্তে কাজ করছে।