শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪:৫৭, ৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৫৮, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের রেল খাতের উন্নয়ন ও আধুনিকায়নে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ইসলামিক উন্নয়ন ব্যাংক (IsDB)। দেশের রেলসহ যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে ভবিষ্যতে নতুন নতুন প্রকল্পে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ইসলামিক উন্নয়ন ব্যাংক।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে ইসলামিক উন্নয়ন ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, চলমান প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়ন সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সড়ক, রেল ও নৌপরিবহন খাতের সমন্বিত ও টেকসই উন্নয়নে সহযোগিতার সুযোগ নিয়ে মতবিনিময় করেন তারা।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নকে আরও গতিশীল করতে উন্নত, নিরাপদ ও টেকসই যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সড়ক, রেল ও নৌপথের সমন্বিত উন্নয়নের মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে।
তিনি বলেন, বাংলাদেশের যোগাযোগ খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। জনগণের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, পরিবহন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নতুন প্রকল্পের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর আধুনিকায়ন, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তির ব্যবহার জরুরি। এ ক্ষেত্রে ইসলামিক উন্নয়ন ব্যাংকের অর্থায়ন, অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইসলামিক উন্নয়ন ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অবকাঠামো খাতের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় IsDB একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকতে চায়। সড়ক, রেল ও নৌপরিবহন খাতের সমন্বিত ও টেকসই উন্নয়নে সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে দক্ষ পরিবহনব্যবস্থা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অগ্রাধিকার ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ প্রকল্পগুলোতে সহযোগিতার সুযোগ নিয়ে ইসলামিক উন্নয়ন ব্যাংক ইতিবাচকভাবে কাজ করতে আগ্রহী।
বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করে। একই সঙ্গে বাংলাদেশ ও ইসলামিক উন্নয়ন ব্যাংকের উন্নয়ন অংশীদারত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।