শিরোনাম
প্রকাশ: ০২:৪৫, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৪৬, ২৪ আগস্ট ২০২৬
গ্রাফিক্স
মুম্বাইয়ের গুন্ডাওয়ালি মেট্রো স্টেশনের একটি বিড়ালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ঘটনা ঘটেছে। এক যাত্রী রসিকতা করে বিড়ালটিকে মেট্রোতে একটি আনুষ্ঠানিক পদ দেয়ার আবেদন করার পর সেটি ভাইরাল হয়ে যায়।
স্টেশনটিতে নিয়মিত দেখা যাওয়া এই বিড়ালটি এখন মজার ছলে মহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেডের (এমএমএমওসিএল) প্রাতিষ্ঠানিক কাঠামোয় জায়গা করে নিয়েছে।
সন্দেশ সামন্ত নামের এক যাত্রী গুন্ডাওয়ালি স্টেশনের প্রবেশপথের কাছে বসে থাকা বিড়ালটির ছবি শেয়ার করে এমএমএমওসিএলকে ট্যাগ করেন। মজার ছলে তিনি লেখেন, ‘প্রিয় মহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেড, দয়া করে গুন্ডাওয়ালি মেট্রো স্টেশনের এই নিষ্পাপ প্রাণীটিকে একটি আনুষ্ঠানিক পদ দিন। এই মুহূর্তে এটি বিনা বেতনে কাজ করছে।’
এমএমএমওসিএল সেই পরামর্শটি মেনে নিয়ে বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ (সিএফও) পদবি দিয়েছে।
এমএমএমওসিএল বলেছে, ‘সে আমাদের চিফ ফেলাইন অফিসার। তার দায়িত্বের মধ্যে রয়েছে স্টেশন পরিদর্শন, যাত্রীদের পর্যবেক্ষণ করা এবং ঠিক এমন জায়গায় বসা, যেখানে সবাই তাকে দেখতে পারে। এখন পর্যন্ত তার পারফরম্যান্স একেবারে “পারফেক্ট”।’
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হওয়ার পর ব্যপক প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, ‘সত্যি বলছি, প্রতিদিন সকালে গুণ্ডাওয়ালি স্টেশনে আমি ওটাকে খুঁজি।’ আরেকজন লিখেছেন, ‘আজ থেকে তাকে প্রধান ইঁদুর ধরার কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হলো।’