শিরোনাম
প্রকাশ: ১৬:০৭, ২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:০৮, ২ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দায়িত্বে অবহেলা ও ভুক্তভোগীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—এটিএসআই খোকন ইসলাম (৩৫) এবং কনস্টেবল ফজলে রাব্বি (৩৪), গোলাম মোস্তফা (৩৬) ও আশিকুল রহমান (৩০)। তাদের পাকশী রেলওয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ট্রেনে সন্দেহের ভিত্তিতে নারী যাত্রীকে ক্যান্টিনে নেওয়ার পরও তার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করেননি। পরবর্তীতে ওই নারী ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিকের সঙ্গে থাকা অবস্থায় ধর্ষণের অভিযোগ ওঠে।
এ ঘটনায় ভুক্তভোগীর কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগও উঠেছে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে। ধর্ষণের মতো গুরুতর অভিযোগের পাশাপাশি দায়িত্বে অবহেলা ও অর্থ নেওয়ার অভিযোগ সামনে আসায় চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ ও পুলিশের দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।