শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫:২৭, ৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:২৮, ৬ অক্টোবর ২০২৬
ছবি: এআই
এবারও দুর্গাপূজায় চালু হচ্ছে না বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল। দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস অক্টোবর মাসে পুনরায় চালুর কথা থাকলেও শেষ পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে আসন্ন দুর্গাপূজায় দুই দেশের যাত্রীদের জন্য আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধই থাকছে।
গত সেপ্টেম্বর মাসে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ৩৮তম বাংলাদেশ-ভারত আন্তসরকার রেলওয়ে মিটিং (আইজিআরএম) ঘিরে বন্ধ থাকা ট্রেনগুলো পুনরায় চালুর বিষয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হলেও নির্দিষ্ট তারিখ, সময়সূচি বা পূজার আগে ট্রেন চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।
গত (১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রেলভবনে তিন দিনব্যাপী আইজিআরএম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক জানান, আন্তঃদেশীয় ট্রেন চালুর বিষয়ে ভারতীয় পক্ষ আনুষ্ঠানিক প্রস্তাব দিলে বাংলাদেশ তা পরীক্ষা করে দেখবে।
তিনি বলেন, প্রায় দুই বছর ধরে তিনটি আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এসব ট্রেন বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বন্ধ করা হয়নি; ভারতীয় কর্তৃপক্ষই ট্রেনগুলোর চলাচল বন্ধ করেছে। তাই পুনরায় চালুর বিষয়ে ভারত থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার পর প্রয়োজনীয় পর্যালোচনা করা হবে। এবারের বৈঠকে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে চালানোর বিষয়টি ভারতীয় পক্ষ থেকে আলোচনায় তোলা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস চালুর বিষয়টি এবারের আইজিআরএমের আলোচ্যসূচিতে ছিল না। তবে গত বছরের বৈঠকে এসব ট্রেন নিয়ে আলোচনা হয়েছিল।২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস দুই দেশের যাত্রীদের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম ছিল।
মিতালী এক্সপ্রেস সর্বশেষ ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকায় এসেছিল। এরপর ট্রেনটি আর ভারতে ফিরে যায়নি। মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচলও একই সময়ের পর বন্ধ রয়েছে।
অক্টোবরে এসব ট্রেন চালুর কথা থাকলেও ৩৮তম আইজিআরএম বৈঠক শেষে সেই প্রত্যাশা পূরণ হয়নি। ফলে এবারও দুর্গাপূজায় বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চলাচল চালু হচ্ছে না।
তবে ভবিষ্যতে ট্রেনগুলো পুনরায় চালুর সম্ভাবনা রয়েছে। ভারতীয় পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার পর কারিগরি সক্ষমতা, পরিচালনাগত বিষয়সহ সংশ্লিষ্ট দিক পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।