শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১২:৫৫, ৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৫৬, ৫ অক্টোবর ২০২৬
চীনের জাতীয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটির প্রথম দিন ১ অক্টোবরে দেশটির রেলওয়ে নেটওয়ার্কে ২ কোটি ৫২ লাখ ৪ হাজার যাত্রী ভ্রমণ করেছেন। এর মাধ্যমে এক দিনে রেলযাত্রীর সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়েছে।
গত শুক্রবার (২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী সংস্থা চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেড।
সংস্থাটি জানায়, ছুটির দ্বিতীয় দিন ২ অক্টোবরে প্রায় ২ কোটি ৩ লাখ ৯ হাজার যাত্রী রেলপথে ভ্রমণ করার কথা রয়েছে। বাড়তি চাপ সামলাতে এই একদিনেই অতিরিক্ত ১ হাজার ৪৬২টি বিশেষ ট্রেন চালানো হচ্ছে।
টিকিট বিক্রির তথ্য অনুযায়ী, বেইজিং, গুয়াংজু, সাংহাই, চেংদু, শেনঝেন, হাংজু, উহান, শিআন, ঝেংঝু এবং নানজিং-এই শহরগুলো থেকে সবচেয়ে বেশি যাত্রী রওনা হয়েছেন।
অন্যদিকে, গন্তব্য হিসেবে সবচেয়ে জনপ্রিয় শহরের তালিকায় বেইজিং, গুয়াংজু, চেংদু, হাংজু ও সাংহাই অন্যতম।
এছাড়া শিআন-চেংদু এবং বেইজিং থেকে শেনইয়াং, ঝেংঝু ও কিংদাও রুটগুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে।
যাত্রীদের নিরাপদ ও সুবিধাজনক ভ্রমণ নিশ্চিত করতে দেশটির বিভিন্ন আঞ্চলিক রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে।
তাইয়ুয়ান রেলওয়ে গ্রুপ স্থানীয় পরিবহন বিভাগের সঙ্গে সমন্বয় করে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ‘ইউনগাং গ্রোটোস’ এবং হেংশান পর্বত এলাকায় সরাসরি যাওয়ার জন্য শাটল বাসসেবা চালু করেছে।
উহান রেলওয়ে গ্রুপ স্থানীয় হোটেল ও দর্শনীয় স্থানে ট্রেনের টিকিট দেখালে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে।
উল্লেখ্য, মধ্য-শরৎ উৎসব ও জাতীয় দিবস উদযাপনের ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ১৬ দিনের এই বিশেষ ছুটির মৌসুমে চীনে প্রায় ২৮ কোটি ৪ লাখ যাত্রী রেলে ভ্রমণ করবেন বলে আশা করছে চায়না রেলওয়ে। সূত্র: সিনহুয়া