ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

উদয়ন এক্সপ্রেসে অতর্কিত হামলা, আহত গার্ড ও জিআরপি সদস্য

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১১:২৩, ৬ অক্টোবর ২০২৬

উদয়ন এক্সপ্রেসে অতর্কিত হামলা, আহত গার্ড ও জিআরপি সদস্য

সিলেট থেকে চট্টগ্রামগামী ৭২৪ ডাউন উদয়ন এক্সপ্রেস ট্রেনে টয়লেটে লুকিয়ে থাকা এক দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। তাকে আটক করতে গিয়ে ট্রেনের পরিচালক (গার্ড) ও জিআরপি পুলিশের এক সদস্য আহত হয়েছেন। পরে আটক ব্যক্তিকে চট্টগ্রাম রেলওয়ে জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় ট্রেন পরিচালক (গার্ড) ডিটিও/চট্টগ্রাম বরাবর একটি টেলিগ্রাম বার্তা পাঠিয়েছেন। ৬ অক্টোবর ২০২৬ তারিখের ওই বার্তার নম্বর MHR/GD/16/26। এতে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

টেলিগ্রাম সূত্রে জানা যায়, কুমিল্লা স্টেশন ছাড়ার পর ক্যারেজ এটেনডেন্ট মো. সাইফুল ইসলাম গার্ডকে জানান, কেবিন কোচের আশপাশে এক ব্যক্তি ট্রিপ ছুরিসদৃশ একটি বস্তু নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন। তার গতিবিধি বিপজ্জনক মনে হওয়ায় গার্ডের সহযোগিতা চান তিনি।

পরে গার্ড ট্রেনে দায়িত্ব পালনরত টিজি পার্টির জিআরপি সদস্য বিমল চন্দ্র দাস ও হারুনুর রশিদকে সঙ্গে নিয়ে সামনের দিকে অগ্রসর হন। ট্রেনটি লাকসাম স্টেশনে পৌঁছানোর আগে তারা ওই এলাকায় গেলে সন্দেহভাজন ব্যক্তি টয়লেটের ভেতরে লুকিয়ে পড়েন।

কিছুক্ষণ অপেক্ষার পর ওই ব্যক্তি টয়লেট থেকে বের হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি অতর্কিতভাবে গার্ড ও জিআরপি সদস্যদের ওপর হামলা চালান। এতে টিজি পার্টির সদস্য বিমল চন্দ্র দাস এবং ট্রেন পরিচালক (গার্ড) আহত হন।

পরে ধস্তাধস্তির একপর্যায়ে ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হন তারা। এ সময় তার হাতে থাকা ট্রিপ ছুরিসদৃশ বস্তুটি পড়ে যায়। ঘটনার পর ট্রেন পরিচালক মুঠোফোনে বিষয়টি পাহাড়তলী কন্ট্রোলে অবহিত করেন।

পরে আটক ব্যক্তিকে চট্টগ্রাম রেলওয়ে জিআরপি থানায় সোপর্দ করা হয়। তবে তার নাম-ঠিকানা এবং এ ঘটনায় মামলা হয়েছে কি না—এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে জিআরপি থানার অন-ডিউটি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করে পরে যোগাযোগ করতে বলেন।

ঘটনার পর চলন্ত ট্রেনে যাত্রীদের নিরাপত্তা ও দায়িত্ব পালনরত রেলকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন