শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩:০৭, ৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:০৮, ৬ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে দুটি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ডিএমটিসিএলের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল কবিরের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে স্টেশন সংলগ্ন এলাকায় যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন ভাসমান দোকানপাট, অবৈধ দোকান ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে দুটি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের ফলে স্টেশন সংলগ্ন এলাকায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচলের পরিবেশ তৈরি হয়। একই সঙ্গে মেট্রোরেল স্টেশনকেন্দ্রিক এলাকায় শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে অবৈধ স্থাপনা অপসারণের কার্যক্রম জোরদার করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় এমআরটি পুলিশ, আনসার সদস্য এবং ডিএমটিসিএলের নিজস্ব কর্মীরা সার্বিকভাবে সহযোগিতা করেন।