শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১৬:৫৪, ২৩ মে ২০২৬ | আপডেট: ১৬:৫৫, ২৩ মে ২০২৬
রাজশাহী, ২৩ মে: আসন্ন ঈদযাত্রায় যাত্রীদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল। এ লক্ষ্যে আজ রাজশাহীতে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।
পরিদর্শনকালে তিনি রাজশাহী ওয়াশপিটে ট্রেনের ট্রিপ ইন্সপেকশন কার্যক্রম ঘুরে দেখেন এবং ট্রেনের কারিগরি প্রস্তুতি, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এছাড়া রাজশাহী রেলস্টেশন পরিদর্শনের সময় যাত্রীসেবা, টিকিট ব্যবস্থাপনা ও সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।
এ সময় মহাব্যবস্থাপক টিকিট চেকিং কার্যক্রমও তদারকি করেন, যাতে অবৈধ যাত্রী চলাচল ও টিকিটবিহীন ভ্রমণ রোধ করা যায়। একইসঙ্গে ট্রেনের খাবার গাড়িতে সরবরাহকৃত খাবারের মান যাচাই করে যাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে ফরিদ আহমেদ বলেন, “ঈদযাত্রাকে নির্বিঘ্ন, নিরাপদ ও আরামদায়ক করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা ভোগান্তি বরদাশত করা হবে না। সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “যাত্রীরা যাতে নির্বিঘ্নে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সে লক্ষ্যেই রেলওয়ের প্রতিটি বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।”