শিরোনাম
মো: মোতাহার হোসেন সরকার( স্টাফ রিপোর্টার)।
প্রকাশ: ১১:২৩, ২১ মে ২০২৬ | আপডেট: ১১:২৪, ২১ মে ২০২৬
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের ১ নং প্লাটফর্ম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
গতকাল বুধবার (২০ মে) লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী মোঃ শিপন আলী সরেজমিনে পীরগঞ্জ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি প্লাটফর্ম সম্প্রসারণের প্রয়োজনীয় প্রস্তুতি, মাপজোক ও করণীয় বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।
পীরগঞ্জ রেলওয়ে স্টেশনটি ঠাকুরগাঁও জেলার একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত স্টেশন। শুধু পীরগঞ্জ নয়, রানীশংকৈল ও হরিপুর উপজেলার হাজারো মানুষ প্রতিদিন এই স্টেশনের ওপর নির্ভরশীল। তবে যাত্রীসংখ্যার তুলনায় স্টেশনটির অবকাঠামো দীর্ঘদিন ধরেই নাজুক ও অপ্রতুল।
বর্তমানে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মটি তুলনামূলক ছোট হওয়ায় আন্তঃনগর ট্রেন প্রবেশ করলে ৩ থেকে ৪টি কোচ প্লাটফর্মের বাইরে অবস্থান করে। এতে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীদের ট্রেনে ওঠানামায় চরম দুর্ভোগ পোহাতে হয়।
এছাড়া ১ নম্বর প্লাটফর্মে থাকা ছোট ছাউনিটি যাত্রীসংখ্যার তুলনায় অত্যন্ত অপ্রতুল। অন্যদিকে ২ নম্বর প্লাটফর্মে কোনো ছাউনী নেই। ছাউনির টিন ছিদ্র হয়ে যাওয়ায় বৃষ্টি হলে পানি পড়ে এবং তীব্র রোদেও যাত্রীদের ভোগান্তি বাড়ে। পর্যাপ্ত ফ্যান, বসার আসন ও আলোর ব্যবস্থার অভাবও দীর্ঘদিনের সমস্যা।
স্টেশনে প্রথম বা দ্বিতীয় শ্রেণির কোনো বিশ্রামাগার নেই। এছাড়া রেলওয়ে পুলিশ বা নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা না থাকায় যাত্রীরা নিরাপত্তা ঝুঁকির মধ্যেও থাকেন। পর্যাপ্ত আলোর অভাবে রাতের বেলায় ছিনতাই ও চুরির ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া উন্নতমানের টয়লেট ও ফুটওভার ব্রিজ না থাকায় যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে হয়। প্লাটফর্ম নিচু হওয়ায় ট্রেনে উঠানামাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।
প্লাটফর্ম সম্প্রসারণ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী মোঃ শিপন আলী রেল নিউজ ২৪-কে জানান, “আমি নিজে উপস্থিত থেকে প্লাটফর্ম বৃদ্ধির জন্য মাপ নিয়েছি। ১ নম্বর প্লাটফর্ম ছোট হওয়ায় কয়েকটি কোচ প্লাটফর্মের বাইরে অবস্থান করে। এতে যাত্রীদের ওঠানামায় কষ্ট হয়। সেই দুর্ভোগ কমাতেই প্লাটফর্ম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ছাউনী সম্প্রসারণ নিয়েও পরিকল্পনা রয়েছে। কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা দ্রুত বাস্তবায়ন করা হবে।”
উল্লেখ্য, গত ১২ এপ্রিল জরাজীর্ণ পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের সংস্কার ও উন্নয়নের বিষয়টি রেল নিউজ ২৪-এর পশ্চিমাঞ্চল প্রতিনিধি মোঃ মোতাহার হোসেন সরকার পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদের কাছে তুলে ধরেন। সে সময় তিনি স্টেশনটি ধাপে ধাপে সংস্কারের আশ্বাস দেন।
তারই ধারাবাহিকতায় অবশেষে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।