ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, ০৩ জ্বিলহজ্জ ১৪৪৭

জরাজীর্ণ পীরগঞ্জ স্টেশন সংস্কারের দাবিতে এমপিকে স্মারকলিপি দিল পীরগঞ্জ ঐক্যবদ্ধ রেলযাত্রী পরিষদ

মো: মোতাহার হোসেন সরকার( স্টাফ রিপোর্টার)।

প্রকাশ: ০০:১৭, ২১ মে ২০২৬ | আপডেট: ০০:১৭, ২১ মে ২০২৬

জরাজীর্ণ পীরগঞ্জ স্টেশন সংস্কারের দাবিতে এমপিকে স্মারকলিপি দিল পীরগঞ্জ ঐক্যবদ্ধ রেলযাত্রী পরিষদ

জরাজীর্ণ পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারের দাবিতে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুর রহমান জাহিদ বরাবর স্মারকলিপি প্রদান করেছে পীরগঞ্জ ঐক্যবদ্ধ রেলযাত্রী পরিষদ।

বুধবার (২০ মে) পীরগঞ্জে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, পীরগঞ্জ রেলওয়ে স্টেশনটি ঠাকুরগাঁও জেলার একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত স্টেশন। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী এ স্টেশন ব্যবহার করলেও যাত্রীসেবার তুলনায় স্টেশনের অবকাঠামো অত্যন্ত নাজুক ও অপ্রতুল।

বর্তমানে পঞ্চগড়-ঢাকা রুটে একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস; পঞ্চগড়-রাজশাহী রুটে বাংলাবান্ধা এক্সপ্রেস; পার্বতীপুর-পঞ্চগড় রুটে কাঞ্চন কমিউটার এবং পঞ্চগড়-সান্তাহার রুটে দোলনচাঁপা এক্সপ্রেসসহ মোট ১২টি ট্রেন পীরগঞ্জ স্টেশনে নিয়মিত যাত্রাবিরতি করে। এছাড়া পীরগঞ্জের পাশাপাশি রানীশংকৈল ও হরিপুর উপজেলার হাজারো মানুষ এই স্টেশনের ওপর নির্ভরশীল।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১ নম্বর প্লাটফর্মে ছোট একটি ছাউনী থাকলেও তা যাত্রীসংখ্যার তুলনায় অপ্রতুল এবং ২ নম্বর প্লাটফর্মে কোনো ছাউনী নেই। ফলে বৃষ্টি ও তীব্র রোদে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া পর্যাপ্ত ফ্যান, বসার আসন ও আলোর ব্যবস্থা না থাকায় যাত্রীদের ভোগান্তি আরও বাড়ছে।

এতে আরও বলা হয়, স্টেশনে প্রথম বা দ্বিতীয় শ্রেণির কোনো বিশ্রামাগার নেই। ১ নম্বর প্লাটফর্ম ছোট হওয়ায় আন্তঃনগর ট্রেন প্রবেশ করলে কয়েকটি কোচ প্লাটফর্মের বাইরে অবস্থান করে, ফলে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ওঠানামায় চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্মারকলিপিতে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কথাও তুলে ধরা হয়। রেলওয়ে পুলিশ বা নিরাপত্তা বাহিনী না থাকায় যাত্রীরা ঝুঁকির মধ্যে থাকেন। পর্যাপ্ত আলোর অভাবে রাতের বেলায় ছিনতাই ও চুরির ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়।

এছাড়া উন্নতমানের টয়লেট ও ফুটওভার ব্রিজ না থাকায় যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে হয়। প্লাটফর্ম নিচু হওয়ায় ট্রেনে উঠানামাও কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

একইসঙ্গে পঞ্চগড়-খুলনা রুটে সরাসরি ট্রেন চালুর দাবিও জানানো হয়। এলাকাবাসীর মতে, সরাসরি ট্রেন চালু হলে যাত্রীদের ভোগান্তি কমবে এবং বাংলাদেশ রেলওয়ের রাজস্ব বৃদ্ধি পাবে।

স্মারকলিপিতে উভয় প্লাটফর্মে পর্যাপ্ত ছাউনী নির্মাণ, ফ্যান ও বসার আসন বৃদ্ধি, আধুনিক বিশ্রামাগার স্থাপন, প্লাটফর্ম সম্প্রসারণ ও উচ্চতা বৃদ্ধি, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বিকল্প বিদ্যুৎ সংযোজন, নিরাপত্তা জোরদার, উন্নতমানের টয়লেট নির্মাণ, ফুটওভার ব্রিজ নির্মাণ এবং পঞ্চগড়-খুলনা সরাসরি ট্রেন চালুর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদান শেষে পীরগঞ্জ ঐক্যবদ্ধ রেলযাত্রী পরিষদের নেতৃবৃন্দ স্টেশনের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করেন। এসময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সোহান চৌধুরী, শাহীনুর, মোঃ রাশেদুল জামান ও মোঃ নয়ন খান।

এছাড়া রেল নিউজ পত্রিকার পশ্চিমবঙ্গ স্টাফ রিপোর্টার মোঃ মোতাহার হোসেন সরকার উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুর রহমান জাহিদ পীরগঞ্জ স্টেশনের সংস্কার ও উন্নয়নের বিষয়টি আগামী সংসদ অধিবেশনে উত্থাপনের আশ্বাস দেন।

আরও পড়ুন