শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ২২:৫৭, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৫৮, ১৯ জুলাই ২০২৬
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) পাকশী অঞ্চল কর্তৃক আয়োজিত কর্মী শিক্ষা বৈঠক আজ সংগঠনের পাকশী আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ শিক্ষা বৈঠকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল)-এর কেন্দ্রীয় সভাপতি মো. আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. রেনায়েল আলম এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
শিক্ষা বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পাবনা জেলার সভাপতি অধ্যাপক রেজাউল করিম। তিনি শ্রমিক আন্দোলনে আদর্শ, নৈতিকতা, সাংগঠনিক শৃঙ্খলা ও দক্ষ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি কুরআন-সুন্নাহর আলোকে শ্রমিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাবনা জেলার সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান শ্রমিকদের ঐক্য, সততা, জবাবদিহিতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি কল্যাণমুখী ও দায়িত্বশীল শ্রমিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আক্তারুজ্জামান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ রেলওয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত সমস্যা সমাধান, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের বিভিন্ন সমস্যা যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরে গঠনমূলক সমাধানের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের সার্বিক উন্নয়নে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, দক্ষ, সৎ ও আদর্শবান কর্মীবাহিনীই একটি শক্তিশালী সংগঠনের মূল ভিত্তি। তাই নিয়মিত কর্মী শিক্ষা, প্রশিক্ষণ ও আদর্শিক চর্চার মাধ্যমে সংগঠনের নেতাকর্মীদের আরও দক্ষ ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি আধুনিক, উন্নত ও জনবান্ধব বাংলাদেশ রেলওয়ে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি, বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন এবং সকল শ্রমিক-কর্মচারীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মী শিক্ষা বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।