শিরোনাম
প্রকাশ: ১৯:৫৯, ২০ জুলাই ২০২৬
বাংলাদেশ রেলওয়ের নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সারাদেশব্যাপী মানববন্ধন ও জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, "সচেতন হোন, নিরাপদ থাকুন—রেলপথ সবার, দায়িত্বও সবার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রেলপথের নিরাপত্তা, আইন মেনে চলা এবং নাগরিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য।
কর্মসূচিতে তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এগুলো হলো—চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ, রেলস্টেশন এলাকায় ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং বিনা টিকিটে রেল ভ্রমণ বন্ধে জনসচেতনতা সৃষ্টি। সংগঠনটির মতে, এসব আইনবিরোধী কর্মকাণ্ড যাত্রীদের নিরাপত্তা, রেলওয়ের সম্পদ এবং রাজস্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির জেলা, মহানগর, উপজেলা ও ইউনিট কমিটিগুলো দেশের বিভিন্ন রেলস্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এবং রেললাইন-সংলগ্ন এলাকায় মানববন্ধন, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করবে।
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, নিরাপদ রেলব্যবস্থা গড়ে তোলা শুধু বাংলাদেশ রেলওয়ের একার দায়িত্ব নয়, এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, স্টেশন এলাকায় ধূমপান এবং বিনা টিকিটে ভ্রমণের মতো আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। তিনি সবাইকে আইন মেনে চলা এবং অন্যদের সচেতন করার আহ্বান জানান।
এদিকে, সংগঠনটি দেশের সকল নাগরিক, যাত্রী, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি এই জনসচেতনতামূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানিয়েছে।
সংগঠনটির ভাষ্য, "আপনার সচেতনতা ও সহযোগিতাই পারে রেলপথকে আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও উন্নত করতে।"